২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দশম সংসদের চতুর্থ অধিবেশন শেষ

শেষ হলো দশম সংসদের চতুর্থ অধিবেশন। এই অধিবেশনেই পার্বত্য জেলাগুলোর ‘জেলা পরিষদের’ অন্তর্বর্তীকালীন পরিষদে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করতে তিনটি বিল পাস হয়েছে।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2014, 11:27 PM

Updated : 22 Aug 2022, 07:59 PM

রোববার রাত পৌনে ১০টার দিকে স্পিকার শিরীন শারমিন চৌধুরী সমাপ্তি সংক্রান্ত রাষ্ট্রপতির আদেশ পাঠ করার মধ্য দিয়ে অধিবেশনের ইতি টানেন।

সমাপনী বক্তব্যে শিরীন শারমিন দেশ ও জতির সমৃদ্ধি কামনা করে সকলকে বিজয় দিবসের অগ্রিম শুভেচ্ছা জানান।

স্পিকার সংসদ পরিচালনায় সংসদ নেতা, বিরোধী দলীয় নেতা, ডেপুটি স্পিকারসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। 

গত ১৩ নভেম্বর শুরু হয় এই অধিবেশন। অধিবেশনে মোট কার্যদিবস ছিল ১০টি।

সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী, এ অধিবেশনে ছয়টি বিল পাস হয়।

কার্যপ্রণালী-বিধির ৭১ বিধিতে ৪০০টি নোটিস পাওয়া যায় এই অধিবেশনে। এর মধ্যে ১৮টি গ্রহণ করে ৬টি নিয়ে সংসদে আলোচনা হয়। ৭১ (ক) বিধিতে দুই মিনিটের আলোচিত নোটিসের সংখ্যা ১০৫টি।

প্রধানমন্ত্রীর উত্তর দেওয়ার জন্য মোট ১৩৬টি প্রশ্ন পাওয়া গিয়েছিল দশম অধিবেশনে। এর মধ্যে তিনি ১৭টি প্রশ্নের উত্তর দেন।

বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের উত্তর দেওয়ার মোট ২ হাজার ১২৪টি প্রশ্ন পাওয়া যায়। যার মধ্যে মন্ত্রীরা উত্তর দিয়েছেন ১ হাজার ৭টির।