এ সরকার একনায়কের ল্যাবরেটরি: রিজভী
আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকার তাদের ‘অবৈধ’ ক্ষমতা দীর্ঘায়িত করতে ‘একদলীয় একনায়কতান্ত্রিক শাসনের ল্যাবরেটরি খুলেছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
মঙ্গলবার দলীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, “এই ল্যাবরেটরি থেকে বিরোধী দলের গণতান্ত্রিক আন্দোলন দমন করা, পাইকারি মিথ্যা মামলা দায়ের ও গ্রেপ্তারের নতুন নতুন নির্যাতনের বর্বর পন্থা বেরিয়ে আসছে।”
সরকারের ‘কুকর্ম’ থেকে জনগণের দৃষ্টি সরিয়ে দিতেই বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ‘মিথ্যা মামলায়’ সমন জারি হয়েছে বলেও রিজভী অভিযোগ করেন।
“তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে সমন জারির ঘটনা সরকারের দূরভিসন্ধিমূলক ষড়যন্ত্রের অংশ।... আমরা এহেন ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”
তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলা ও সমন অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান তিনি।
লন্ডনে এক অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ‘কটূক্তির’ অভিযোগে এক আওয়ামী লীগ নেতা সোমবার ঢাকার হাকিম আদালতে মানহানির ওই মামলা করেন। বিচারক মামলা আমলে নিয়ে তারেককে হাজির হওয়ার নির্দেশ দিয়ে সমন জারি করেন।
ওই মামলার প্রতিবাদে মঙ্গলবার ঢাকার থানায় থানায় এবং সারাদেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেয় বিএনপির সহযোগী সংগঠন যুবদল। এছাড়া স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলও আলাদা বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে।
স্বেচ্ছাসেবক দল ১৯ নভেম্বর জেলা ও মহানগরে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে। আর ছাত্রদল ১৮ নভেম্বর জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয়ে এবং ১৯ নভেম্বর পৌর থানা ও কলেজে বিক্ষোভ করবে।
রিজভী বলেন, “এই অবৈধ দখলদার সরকার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সবগুলোই হাতের মুঠোয় ধরে রেখেছে। তাদের ক্ষমতায় টিকে থাকার একমাত্র উপায় হচ্ছে- মামলা দায়ের, সমন জারি, হুকুম আর হুঙ্কার সর্বস্ব রাজনীতি। দেশের আর্থিক ও সামাজিক অগ্রগতি নিয়ে তারা কখনোই চিন্তা করে না।”
সম্প্রতি ছাত্রলীগের এক অনুষ্ঠানে ৫ জানুয়ারির নির্বাচনের সময় পুলিশ প্রশাসনে সরকার সমর্থকদের ভূমিকা ও সরকারি চাকরির ক্ষেত্রে ছাত্রলীগের প্রার্থীদের ‘দেখার’ বিষয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমামের আশ্বাসের মধ্য দিয়ে ‘প্যান্ডোরার বাক্স’ খুলে গেছে বলেও মন্তব্য করেন বিএনপির যুগ্ম মহাসচিব।
তিনি বলেন, “দেশের জনগণ আরো নিশ্চিতভাবে তত্ত্বাবধায়ক সরকার ও জাতীয় নির্বাচন নিয়ে আওয়ামী লীগ সরকারের হীন কারসাজি সর্ম্পকে হাতেনাতে প্রমাণ পেয়ে গেল।’’
অন্যদের মধ্যে অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, আসাদুজ্জামান রিপন, আবদুস সালাম, কাজী আসাদুজ্জামান, খায়রুল কবীর খোকন, হাবিবুর রহমান হাবিব, আবদুস সালাম আজাদ, মীর সরফত আলী সপু, আবুল হোসেন এই ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন।
