২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তারেকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে বিক্ষোভ করবে ৩ সংগঠন

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মানহানির মামলা ও সমন জারির প্রতিবাদে তিন সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2014, 09:26 PM

Updated : 22 Aug 2022, 07:53 PM

Image
ফাইল ছবি

ফাইল ছবি

সোমবার তিন সংগঠন আলাদা আলাদা বিবৃতির মাধ্যমে এই কর্মসূচির ঘোষণা দেয়।

যুবদল ১৮ নভেম্বর সব জেলা ও ঢাকার সব থানায় বিক্ষোভ সমাবেশ করবে। স্বেচ্ছাসেবক দল ১৯ নভেম্বর জেলা ও মহানগরের বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে।

এছাড়া বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদল ১৮ নভেম্বর জেলা, মহানগর, বিশ্ববিদ্যালয় এবং ১৯ নভেম্বর পৌর, থানা ও বিভিন্ন কলেজে বিক্ষোভের কর্মসূচি দিয়েছে।

গত ৭ নভেম্বর লন্ডনে এক অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেষ মুজিবুর রহমান সম্পর্কে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছেলে তারেক রহমান বিতর্কিত মন্তব্য করায় সোমবার তার বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মানহানির মামলা করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সহ সম্পাদক মনির খান।

তারেক লন্ডনের ওই অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে ‘পাকবন্ধু’ আখ্যায়িত করে বলেন, তিনি ‘পাকিস্তানি পাসপোর্টে’ দেশে ফিরে রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছিলেন এবং এ কারণে তার বিরুদ্ধে ‘দেশদ্রোহের’ মামলা হওয়া উচিৎ।

ওই প্রসঙ্গ উল্লেখ করে বাদী তার আর্জিতে বলেন, তারেকের বক্তব্যে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সম্মানহানি করা হয়েছে।

পরে বিচারক তারেক রহমানকে আগামী ১০ ডিসেম্বর আদালতে হাজির হতে সমন জারি করেন। 

ওই বক্তব্যের কারণে ঢাকা, যশোর ও শেরপুরের আদালতে আরো কয়েকটি মামলা হয়েছে তারেকের বিরুদ্ধে, যার মধ্যে রাষ্ট্রদ্রোহের অভিযোগও রয়েছে।