২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সব ষড়যন্ত্র উন্মোচিত হয়েছে: রিজভী

প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমামের বক্তব্যে ‘অবৈধ’ সরকারের ষড়যন্ত্র উন্মোচিত হয়ে গেছে বলে দাবি করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2014, 02:44 PM

Updated : 22 Aug 2022, 07:53 PM

Image
ফাইল ছবি

ফাইল ছবি

সোমবার সকালে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, “দলীয় ক্যাডারদের দিয়ে প্রশাসন সাজিয়ে ৫ জানুয়ারির নির্বাচনকে নিজেদের অনকূলে নেওয়ার যে মাস্টারপ্ল্যান সরকার করেছিল, তা আজ স্পষ্ট হয়ে গেছে। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের বক্তব্যে সরকারি ষড়যন্ত্রের চিচিং ফাঁক হয়ে গেছে।”

নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ ব্রিফিং হয়।

রিজভী বলেন, “এই সরকার ভোটবিহীন দখলদার ও জাল জোচ্চুরির সরকার। তারা আইন আদালত, বিচার আচার, পুলিশি তদন্তের নামে যা করছে, তা শুধু বিরোধী দলকে হয়রানি করার জন্যই নয়। পুরো রাষ্ট্রসত্ত্বাকে তারা ধ্বংস করে দিচ্ছে।”

গত বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের এক অনুষ্ঠানে এইচ টি ইমাম বলেন, “আমি নিজে অনেক উপজেলায় গিয়েছি। সেখানে আমাদের যারা ছিল, তাদের সঙ্গে কথা বলে নির্বাচন করেছি। তারা আমাদের পাশে আছে। তারা বুক পেতে দিয়েছে। জামায়াত-শিবিরের হামলায় পুলিশের ১৯ জন প্রাণ দিয়েছে।”

ওই অনুষ্ঠানে সরকারি চাকরিপ্রার্থী ছাত্রলীগের নেতা-কর্মীদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ‘দেখবেন’ বলেও উপদেষ্টা আশ্বাস দেন।

অবশ্য সোমবার তিনি সংবাদ সম্মেলন করে দাবি করেছেন, তার খণ্ডিত বক্তব্য প্রকাশ করা হয়েছে।

সরকারকে হুমকি দিয়ে রিজভী বলেন, “আমরা দৃঢ়তার সঙ্গে বলতে চাই, ’৭৫ সালের প্রাইমারি বাকশাল সরকার বেশিদিন গদি আঁকড়ে থাকতে পারেনি। বর্তমান বর্ণচোরা সেকেন্ডারি বাকশাল সরকারও বেশিদিন টিকে থাকতে পারবে না। দেশের মানুষ কখনো বাড়াবাড়ি পছন্দ করে না, মেনে নেয় না, তোয়াক্কা করে না।”

দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তারের নিন্দা জানিয়ে বলেন, যশোরের নেতৃত্ব শূন্য করতে জেলা সভাপতি শামসুল হুদা, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সহসভাপতি রফিকুর রহমান তোতন, শহর সভাপতি মারুফুল ইসলাম, সাধারণ সম্পাদক মনির আহমেদ, জেলা সদস্য অনিন্দ্য ইসলাম অমিতসহ ৪২ জন নেতা-কর্মীর জামিন বাতিল করে কারাগারে প্রেরণ করা হয়েছে।

“দলের জাতীয় নেতা তরিকুল ইসলামকে মানসিকভাবে পর্যুদস্ত করার জন্যই তার ছেলে অনিন্দ্য ইসলাম অমিতকে কারাবন্দি করা হয়েছে। তাদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যে মামলা দেওয়া হয়েছে। পুলিশের এহেন কর্মকান্ডের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”

অবিলম্বে তাদের মামলা প্রত্যাহার ও মুক্তি দাবি করেন তিনি।

সংবাদ ব্রিফিংয়ে অন্যদের মধ্যে কেন্দ্রীয় আবদুস সালাম, খায়রুল কবীর খোকন, হাবিব উন নবী খান সোহেল, হাবিবুর রহমান হাবিব, আবদুল লতিফ জনি, আবদুস সালাম আজাদ, মীর সরফত আলী সপু প্রমুখ উপস্থিত ছিলেন।