‘৫ দিন অনশনেও টনক না নড়া দুঃখজনক’
দ্বিতীয় দফায় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ চেয়ে শিক্ষার্থীদের অনশন পাঁচ দিন পেরোলেও এ বিষয়ে কোনো বক্তব্য না আসায় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সমালোচনা করেছেন কলামনিস্ট কামাল লোহানী।
শিক্ষার্থীদের দাবির বিষয়টি সমবেদনার সঙ্গে বিবেচনায় নেওয়ার অনুরোধ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষকও।
রোববার বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে সমাবেশের আয়োজন করে প্রগতিশীল ছাত্রজোট।
কামাল লোহানী ছাড়াও কলামনিস্ট সৈয়দ আবুল মকসুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক এম এম আকাশ, অধ্যাপক কাবেরী গায়েন, সামিনা লুৎফা, জাহিদ হাসান মাহমুদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনু মুহাম্মদ, নাসিমা আক্তার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শ্যামল শেলী, এ এন রাশেদা সমাবেশে উপস্থিত হয়ে বক্তব্য দেন।
ফাইল ছবি
এই দাবি শিক্ষার্থীদের ‘সুযোগ নয়, অধিকার’- মন্তব্য করে তিনি বলেন, “আপনারা তাদের এই অধিকার থেকে বঞ্চিত করতে পারেন না।”
অবিলম্বে সিদ্ধান্ত পুনঃবিবেচনার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে এই বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ বলেন, “দিনের পর দিন শহীদ মিনারে না খেয়ে শিক্ষার্থীরা আন্দোলন করছে। এটা কষ্টকর। সমবেদনার সঙ্গে তাদের দাবি বিবেচনা করুন।
“হুট করে আইন পরিবর্তন করা যায় না। আইন পরিবর্তন করতে হলে যারা এর সুফল ও কুফল ভোগ করবে তাদের সঙ্গে আলোচনা করতে হবে।”
বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্ত ‘ভুল’ নয় বলে মনে করেন এম এম আকাশ।
তবে শিক্ষার্থীদের সময় দিয়ে সিদ্ধান্ত বাস্তবায়নের দিকে যাওয়া প্রয়োজন ছিল বলে মন্তব্য করেন তিনি।
অন্তত একবছর শিক্ষার্থীদের দ্বিতীয় দফায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দিতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।
অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, “শিক্ষার্থীরা তাদের ন্যায্য দাবিতে আন্দোলন-অনশন করে। তাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নির্বিকার না থেকে আন্দোলনের পক্ষে দাঁড়ানো উচিত।”
টানা অনশনের পঞ্চম দিনেও শিক্ষার্থীদের সাত জন অসুস্থ হয়ে পড়েছেন। এরা হলেন- মাহবুব হাসান, আহমেদ সাগর, ইমরান হোসেন, হাবিবুর রহমান, জুয়েল রেজা, সাহরিনা আফরিন আসলাম শেখ।
এর আগে ১২ জন অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার এক পর্যায়ে তাদের নিয়ে যায় পরিবারের সদস্যরা।
গত বুধবার থেকে শিক্ষার্থীরা অনশন করলেও তাদের দাবির বিষয়ে এখনো কোনো সাড়া দেয়নি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
অনশনে নানাভাবে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। শনিবার ভোর ৪টার দিকে তাদের মাইক কেড়ে নেয় পুলিশ।
সংহতি সমাবেশে অন্যদের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি রাগিব হাসান মুন্না, ছাত্র ফেড়ারেশনের সভাপতি প্রবীর সাহা, ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লাকী আক্তার প্রমুখ বক্তব্য দেন।
