চট্টগ্রামে আ. লীগের মেয়র প্রার্থী ঠিক করতে প্রধানমন্ত্রীকে অনুরোধ
আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি) নির্বাচনে আওয়ামী লীগ থেকে মেয়র প্রার্থী ঠিক করে দিতে দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ করেছেন নগর আওয়ামী লীগের এক নেতা।
বুধবার দুপুরে নগরীর মুরাদপুর মোড়ে আখতারুজ্জামান চৌধুরী ফ্লাইওভারের নির্মাণকাজ উদ্বোধনী অনুষ্ঠানে শেখ হাসিনাকে এ অনুরোধ করেন নগর কমিটির যুগ্ম সম্পাদক এম এ রশিদ।
আগামী বছরের জুনে বর্তমান মেয়র মনজুর আলমের মেয়াদ শেষ হবে।
এরইমধ্যে মেয়র নির্বাচনে দলীয় সমর্থন পেতে আওয়ামী লীগের কয়েকজন নেতা আগ্রহ প্রকাশ করেছেন, যাদের মধ্যে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনও রয়েছেন।
এছাড়া চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) চেয়ারম্যান নগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আবদুচ ছালাম নগরীর বিভিন্ন উন্নয়ন প্রকল্প ‘প্রধানমন্ত্রীর একজন কর্মী’ হিসেবে বাস্তবায়ন করছেন বলে প্রচার করেন। মেয়র পদে লড়াইয়ে তিনিও দলীয় সমর্থন পেতে আগ্রহী।
বুধবার ফ্লাইওভার নির্মাণকাজের উদ্বোধনের আগে সভানেত্রীকে সালাম করে দোয়াও নেন আবদুচ ছালাম।
অনুষ্ঠানস্থলে নগর আওয়ামী লীগের কয়েকজন নেতা প্রধানমন্ত্রীর সঙ্গে কুশল বিনিময় করছিলেন। এসময় তারা নগরীতে নতুন সরকারি স্কুল-কলেজ প্রতিষ্ঠার দাবি জানান।
এরই এক ফাঁকে সামনে মেয়র নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ঠিক করে দিতে সভানেত্রীকে অনুরোধ করেন এম এ রশিদ।
দলীয় সভানেত্রীর সঙ্গে মেয়র নির্বাচন বিষয়ে তার কথোপকথনের বিষয়টি একাধিক নেতা নিশ্চিত করেছেন।
অনুষ্ঠানস্থলে থাকা নগর আওয়ামী লীগের সহ-সভাপতি জহিরুল আলম দোভাষ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সরকারি নতুন স্কুল-কলেজ প্রতিষ্ঠার দাবির কথা জানানোর এক ফাঁকে মেয়র প্রার্থী ঠিক করে দিতে অনুরোধ করেন রশিদ।”
বিষয়টি নিশ্চিত করে আরেক সহ-সভাপতি খোরশেদ আলম সুজন বলেন, “নগর কমিটির যুগ্ম সম্পাদক এম এ রশিদ প্রধানমন্ত্রীকে বলেন, সামনে তো মেয়র নির্বাচন- আপনি একজন প্রার্থী ঠিক করে দেন।
“এসময় প্রধানমন্ত্রী বলেন, আপনারা ঠিক করে নেন। আপনারা যার কথা বলবেন আমি তার পক্ষে থাকব।”
নগর আওয়ামী লীগের সহ-সভাপতি সুনীল সরকার ও মাহতাব উদ্দিন চৌধুরী, উপদেষ্টা সফর আলী, যুগ্ম সম্পাদক বদিউল আলমও সেখানে উপস্থিত ছিলেন।
তবে নগর আওয়ামী লীগের সভাপতি তিনবারের মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী ওই অনুষ্ঠানে ছিলেন না।
চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সালাম জানান, শেখ হাসিনা অনুষ্ঠান শুরুর আগে মহিউদ্দিন চৌধুরী এসেছেন কি না জানতে চান। তিনি আসবেন ভেবে অনুষ্ঠান শুরুর আগে কয়েক মিনিট অপেক্ষাও করেন আওয়ামী লীগ সভানেত্রী।
মহিউদ্দিনের অনুসারী এক নেতা জানান, অসুস্থবোধ করায় সেনানিবাসের অনুষ্ঠানের পর তিনি বাসায় চলে যান।
চট্টগ্রাম সিটি করপোরেশনের সবশেষ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ছিলেন এ বি এম মহিউদ্দিন চৌধুরী।
টানা তিনবার নির্বাচনে বিজয়ী হয়ে ১৭ বছর মেয়রের দায়িত্ব পালন করা মহিউদ্দিন চট্টগ্রামের রাজনীতিতে এখনও ‘মেয়র মহিউদ্দিন’ নামেই পরিচিত।
