চীনকে সব সময় পাশে চায় বিএনপি: ফখরুল
বাংলাদেশের মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে চীনের সহযোগিতাকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে বিএনপি।
মঙ্গলবার সকালে এক সেমিনারে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন।
তিনি বলেন, “আমরা গর্বের সঙ্গে বলতে পারি, বাংলাদেশ-চীনের ঐতিহাসিক বন্ধুত্ব অত্যন্ত দৃঢ়। এই সম্পর্ক কখনো ক্ষুণ্ন হওয়ার নয়। দারিদ্র্য-বিমোচন ও অর্থনৈতিক উন্নয়নই বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্কে ভিত্তি। আমরা এই সম্পর্ককে গুরুত্ব দিই।”
জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের উদ্যোগে গণচীনের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বাংলাদেশ-চীনের কূটনৈতিক সম্পর্কের ৩৯তম বর্ষপূতি উপলক্ষে এই সেমিনার হয়।
এতে বাংলাদেশ, চীন, ভারত, মিয়ানমার ও নেপাল নিয়ে প্রস্তাবিত মুক্ত বাণিজ্য অঞ্চলের সম্ভাবনা শীর্ষক মূল প্রবন্ধ পাঠ করেন এ কে এম বারী।
মির্জা ফখরুল বলেন, “এই অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নে জিয়াউর রহমান দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা ফোরাম-সার্ক স্থাপন করেছিলেন। এখন চীন এই সংস্থাটির পর্যবেক্ষক। আমরা জোরের সঙ্গে বলতে চাই, বিএনপির যদি আগামীতে ক্ষমতায় যায়, আঞ্চলিক সহযোগিতা জোরদারে কাজ করবে। আমরা এই অঞ্চলের উন্নয়নে একসঙ্গে হাতে হাত রেখে এগিয়ে যেতে চাই।”
তিনি বলেন, “সারা বিশ্বের প্রায় ৪২ ভাগ মানুষের বসবাস দক্ষিণ-পূর্ব এশীয় অঞ্চলে। সেজন্য বিশ্ব অর্থনীতিতেও এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন গুরুত্ব বহন করে। বিএনপি এশীয় অঞ্চলের অবাধ শুল্কমুক্ত বাণিজ্য বলয়ের ধারণার সফলতা কামনা করে।”
ভারপ্রাপ্ত মহাসচিব তার বক্তব্যে ড. খন্দকার মোশাররফ হোসেনের মুক্তি দাবি করেন।
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হক নান্নুর সভাপতিত্বে অন্যদের মধ্যে সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহবুবউল্লাহ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, জালালউদ্দিন আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।
