২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিয়ার সঙ্গে কোনও আঁতাত করেনি জাসদ: ইনু

বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর ১৯৭৫ এর নভেম্বরের উত্তুঙ্গ পরিস্থিতিতে জিয়াউর রহমানের সঙ্গে কোনও ধরনের আঁতাত জাসদ করেনি বলে দাবি করেছেন হাসানুল হক ইনু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাবি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2014, 01:13 AM

Updated : 22 Aug 2022, 07:50 PM

৭ নভেম্বর নিয়ে শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাহের সংসদের এক আলোচনা অনুষ্ঠানে এই দাবি করেন জাসদের বর্তমান সভাপতি, যিনি ওই সময়ও দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।

পঁচাত্তরের ৩ নভেম্বর খালেদ মোশাররফের অভ্যুত্থানের পর পাল্টা অভ্যুত্থানে তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমান ৭ নভেম্বর মুক্ত হন, আওয়ামী লীগবিরোধী রাজনৈতিক দল জাসদেরও সক্রিয়তা ছিল সেদিন।

বর্তমানে আওয়ামী লীগের জোটশরিক জাসদ এই দিনটিকে ‘সিপাহী-জনতার অভ্যুত্থান’ দিবস হিসেবে পালন করে।  আওয়ামী লীগ পালন করে ‘মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস’ হিসেবে, বিএনপির চোখে দিনটি ‘বিপ্লব ও জাতীয় সংহতি দিবস’।    

বন্দি জিয়ার মুক্তিতে জাসদের ভূমিকা প্রশ্নে ইনু বলেন, “৭ নভেম্বর যে আন্দোলন হয়েছিল, তা কোনও সামরিক শাসককে ক্ষমতায় বসানোর জন্য নয়। এ আন্দোলন পরিচালিত হয়েছিল সামরিক শাসনকে উৎখাত করে গণতন্ত্রকে ফিরিয়ে আনা এবং রাজবন্দিদের মুক্তির জন্য।

“জাসদ সেদিন জিয়ার সঙ্গে কোনও ধরনের আঁতাত করেনি। এরশাদবিরোধী আন্দোলনের পরে ক্ষমতায় এসেছিল খালেদা জিয়া। এজন্য কি আমরা বলব, আমরা এরশাদবিরোধী আন্দোলন করে ভুল করেছি।”

৭ নভেম্বর মুক্ত হয়ে জিয়া কার্যত বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসেন। পরে তিনি রাষ্ট্রক্ষমতায়ও আসীন হন। তিনি প্রেসিডেন্ট হয়ে গঠন করেন বিএনপি নামে রাজনৈতিক দলটি।

Image
৭ নভেম্বর নিয়ে শনিবার ঢাকায় আরেক সভায় হাসানুল হক ইনু

৭ নভেম্বর নিয়ে শনিবার ঢাকায় আরেক সভায় হাসানুল হক ইনু

জিয়ার উত্তরসূরি হিসেবে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর ক্ষমতাসীন খন্দকার মোশতাক আহমেদকে অভিহিত করে জাসদ সভাপতি ইনু বলেন, “খন্দকার মোশতাকের সময় নিয়োগপ্রাপ্ত (সেনাপ্রধান) হন জিয়াউর রহমান।

“জিয়া ক্ষমতায় এসে কর্নেল তাহেরকে হত্যা করেছে। এতেই ক্ষান্ত থাকেনি, বহু আর্মি অফিসারকে হত্যা করেছে, বহু আর্মি অফিসারকে চাকরিচ্যুত করেছে। রাজবন্দিদের মুক্তি না দিয়ে রাজাকারদের মুক্তি দিয়েছে।”

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘নব্য রাজাকার’ আখ্যা দিয়ে তথ্যমন্ত্রী বলেন, “জিয়া রাজবন্দিদের মুক্তি না দিয়ে রাজাকারদের মুক্তি দিয়েছে। আর বর্তমানে খালেদা জিয়া মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি এবং রাজাকারদের পক্ষ নেয়।”

‘ফিরে দেখা : ৭ নভেম্বর’ শীর্ষক এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন তাহের সংসদের সভাপতি সিপিবির সভাপতিমণ্ডলীর সদস্য হায়দার আকবর খান রনো।

সংগঠনের সহসভাপতি অধ্যাপক আনোয়ার হোসেন ও অধ্যাপক এম এম আকাশও বিশ্ববিদ্যালয়ের টিএসসি সড়ক দ্বীপের এই সভায় বক্তব্য রাখেন।