আরেকটি সাত নভেম্বর চান আমীর খসরু
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার নেতৃত্বে আরেক ‘সাত নভেম্বর' সৃষ্টির ডাক দিয়েছেন তার উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী।
শুক্রবার নগরীর বিপ্লব উদ্যানে ১৯৭৫ সালের এই ঘটনাবহুল দিনটি নিয়ে চট্টগ্রাম নগর বিএনপি’র এক সমাবেশে এই আহ্বান জানান আমীর খসরু।
ফাইল ছবি
“যারা রাষ্ট্রের দায়িত্বে থেকে সন্ত্রাসী ভূমিকা পালন করছে এবং অবৈধ সরকারকে সহযোগিতা করছে জনগণ তাদের ক্ষমা করবে না। এই অবৈধ সরকারের দুর্নীতিবাজ মন্ত্রী-এমপিদের জনগণ প্রতিহত করবে।“
১৯৭৫ সালের ১৫ অগাস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার পর সেনাপ্রধানের দায়িত্বে আসেন জিয়াউর রহমান। এরপর মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার খালেদ মোশাররফের নেতৃত্বে সেনাবাহিনীতে একটি অভ্যুত্থান হয়; জিয়া হন গৃহবন্দি।
৭ নভেম্বর মুক্তিযুদ্ধের আরেক সেক্টর কমান্ডার কর্নেল তাহেরের নেতৃত্বে পাল্টা অভ্যুত্থানে আটকাবস্থা থেকে মুক্ত হন জিয়া। আর এর মধ্য দিয়ে জিয়া ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসেন, হন দেশের প্রথম সামরিক আইন প্রশাসক।
বিএনপি এই দিনটিকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, আওয়ামী লীগ ‘মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস’ এবং জাসদ ‘সিপাহী-জনতার অভ্যুত্থান’ দিবস হিসাবে পালন করে।
চট্টগ্রাম নগর বিএনপি সভাপতি আমীর খসরু বলেন, “৭ নভেম্বর জাতির জন্য গুরুত্বপূর্ণ। ওইদিন বাংলাদেশে সত্যিকার অর্থে স্বাধীনতা ফিরে এসেছিল। দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছিল।
“সংবাদপত্রের স্বাধীনতা ফিরে এসেছিল এবং দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছিল।”
স্বাধীনতার পর ক্ষমতাসীনরা দেশে একদলীয় শাসন প্রতিষ্ঠা করেছিল দাবি করে আমীর খসরু বলেন, “দেশের জনগণ তখন নিরাপত্তাহীনতায় ছিল। দেশ তলাবিহীন ঝুড়িতে পরিণত হয়েছিল।
“৭ নভেম্বর সিপাহী-জনতা বিপ্লবের মাধ্যমে জিয়াউর রহমানকে ক্ষমতায় অধিষ্ঠিত করেছিল। জিয়াউর রহমান ক্ষমতায় এসে দেশকে চরম সঙ্কট থেকে উদ্ধার করেছিল।”
সমাবেশে নগর বিএনপির সহ-সভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সৈয়দ ওয়াহিদুল আলম।
নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেনের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন নেতা বিএনপি নেতা মাহবুবুর রহমান শামিম, মোহাম্মদ মিয়া ভোলা, এম এ আজিজ, আবুল হাশেম বক্কর, মোশাররফ হোসেন দিপ্তী, ওয়ার্ড কাউন্সিলর মনোয়ারা বেগম মণি, শরফরাজ কাদের, বাবুল হক, মোহাম্মদ সেকান্দর ও মোহাম্মদ আজম প্রমুখ।
এদিকে পৃথক আয়োজনে উত্তর জেলা বিএনপি বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে, যাতে সভাপতিত্ব করেন উত্তর জেলার সদস্য সচিব কাজী আব্দুল্লাহ আল হাছান।
প্রধান অতিথি হিসেবে ওই সমাবেশে বক্তব্য দেন বিএনপির উপ কোষাধ্যক্ষ এস এম ফজলুল হক।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, আইনজীবী মো. এনামুল হক, ফটিকছড়ি উপজেলার আহ্বায়ক সরওয়ার আলমগীর, হাটগাজারী উপজেলা চেয়ারম্যান মাহবুবুল আলম চৌধুরী, রাউজান উপজেলার যুগ্ম আহ্বায়ক ছালামত আলী প্রমুখ।
