২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মানহানির মামলায় অভিযুক্ত খন্দকার মোশাররফ

মানহানির অভিযোগে দায়ের করা একটি মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2014, 01:09 PM

Updated : 22 Aug 2022, 07:24 PM

ঢাকার মহানগর হাকিম আতাউল হক সোমবার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাক্ষ্য গ্রহণের জন্য ২২ জানুয়ারি দিন ঠিক করে দেন।

মোশাররফের আইনজীবী বোরহান উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তাদের অব্যাহতির আবেদন নাকচ করে দিয়ে বিচারক মামলায় অভিযোগ গঠন করেন।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

অর্থ পাচার মামলায় কারাবন্দি মোশাররফকে কাশিমপুর কারাগার থেকে এ মামলার অভিযোগ গঠনের শুনানিতে হাজির করা হয়। এই বিএনপি নেতা আদালতে নিজেকে নির্দোষ দাবি করেন এবং ন্যায়বিচার চান।

আওয়ামী লীগপন্থি সংগঠন জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকীর দায়ের করা এ মামলার অভিযোগে বলা হয়, ২০১২ সালের ৩১ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচিতে খন্দকার মোশাররফ হোসেন বলেন, তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করে ‘ষড়যন্ত্রের মাধ্যমে’ আবার ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে সরকার।

“এই প্রধানমন্ত্রীর বাবাও ১৯৭৫ সালে বাকশাল কায়েম করে ক্ষমতা চিরস্থায়ী করার স্বপ্ন দেখেছিলেন। কিন্তু তার সে স্বপ্ন বাস্তবায়িত হয়নি। দলীয় সরকারের অধীনে নির্বাচন দিয়ে এ সরকারও যদি জোর করে ক্ষমতায় থাকতে চায় তাহলে ’৭৫ এর পরিণতি বরণ করতে হবে।”

আসামির এ ধরনের বক্তব্য বিভিন্ন পত্র-পত্রিকায় ও মিডিয়াতে প্রকাশিত হওয়ায় দেশ-বিদেশে প্রধানমন্ত্রীর ‘মানহানি হয়েছে’ এবং তিনি ‘নিরাপত্তাহীনতায় ভুগছেন’ অভিযোগ করে ২০১৩ সালের ২০ জানুয়ারি আদালতে মামলাটি দায়ের করেন এ বি সিদ্দিকী।