২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আলাল ৩ দিনের রিমান্ডে

হরতালে নাশকতার পরিকল্পনার অভিযোগে দায়ের করা মামলায় যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালসহ ছয়জনকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিন করে হেফাজতে পেয়েছে পুলিশ। 

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2014, 04:10 PM

Updated : 13 Oct 2022, 12:43 PM

পুরনো খবর:

গ্রেপ্তারের পর আলালদের বিরুদ্ধে মামলা
আলালকে রিমান্ডে চায় পুলিশ

মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক নয়ন মিয়া রোববার আলালসহ সাতজনকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে ১০ দিন করে রিমান্ডের আবেদন করেন।

শুনানি শেষে মহানগর হাকিম আসাদুজ্জামান নূর ছয়জনকে তিন দিন করে হেফাজতে নেওয়ার অনুমতি দেন।

মোহাম্মদ জাহাঙ্গীর নামে আরেকজন অসুস্থ হয়ে পড়ায় তাকে কারাগারে পাঠনোর নির্দেশ দেন বিচারক।  আলালের সঙ্গে গ্রেপ্তার আরো ৫৭ জনকে এদিন কারাগারে পাঠানো হয়।

রিমান্ডে পাঠানো বাকি পাঁচজন হলেন- যুবদলের কেন্দ্রীয় কর্মসংস্থান বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর হোসেন হাওলাদার, কেন্দ্রীয় সমিটির সদস্য সাইদুর রহমান এবং ওয়ার্ড নেতা আবুল কালাম আজাদ, কামরুল ইসলাম ও রুবেল হাওলাদার।

শনিবার সকালে আলালের লালমাটিয়ার বাসা থেকে এই ৬৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর রাতে তাদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে এ মামলা করা হয়।

মোহাম্মদপুর থানার ওসি আজিজুল হক বলেন, “লালমাটিয়ার ওই বাসার আন্ডারগ্রাউন্ডে তারা বৈঠক করছিলেন। আমাদের কাছে খবর ছিল, রোববারের হরতালে নাশকতা সৃষ্টির জন্য ওই বৈঠকে পরিকল্পনা চলছে। এমন খবরের ভিত্তিতে আমরা অভিযান চালাই।”

নাশকতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে করা এই মামলায় সাবেক সংসদ সদস্য আলালকে প্রধান আসামি করা হয়েছে।