আরেকটি মামলায় লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে পরোয়ানা
হজ নিয়ে মন্তব্যের জের ধরে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার আরও একটি মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ঢাকার একটি আদালত।
সোমবার মহানগর হাকিম মেহের নিগার এ পরোয়ানা জারির আদেশ দিয়ে লতিফ সিদ্দিকীর গ্রেপ্তার সংক্রান্ত প্রতিবেদন আগামী ২৭ নভেম্বর আদালতে দাখিলের নির্দেশ দেন বলে জানান বাদীর আইনজীবী টি এইচ খান শোয়েব।
গত ২ অক্টোবর ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে দণ্ডবিধির ২৯৫ (ক) ধারায় মামলাটি করেছিলেন ওলামা লীগ নেতা আবু বকর সিদ্দিকী।
বিচারক এই মামলায় ২০ অক্টোবর লতিফ সিদ্দিকীকে আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছিলেন। কিন্তু তিনি হাজির না হওয়ায় আদালত এ পরোয়ানা জারি করে।
আবদুল লতিফ সিদ্দিকী। ফাইল ছবি/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
গত ২ অক্টোবর ফৌজদারি দণ্ডবিধির ২৯৫ (ক) ও ২৯৮ ধারায় ঢাকা বারের আইনজীবী শাহ আলমের করা এই মামলা আমলে নিয়ে আদালত লতিফকে ১৫ অক্টোবর হাজির হওয়ার নির্দেশ দিলও তিনি হাজির হননি।
টাঙ্গাইলের এই সংসদ সদস্যকে নিয়ে আলোচনার সূত্রপাত নিউ ইয়র্কে গত ২৮ সেপ্টেম্বর এক অনুষ্ঠানে। টাঙ্গাইল সমিতির ওই অনুষ্ঠানে লতিফ সিদ্দিকী বলেন, তিনি হজ ও তাবলিগ জামাতের ঘোর বিরোধী। এতে শ্রমশক্তি ও অর্থের অপচয় হয়।
ওই মন্তব্যের পর ব্যাপক সমালোচনা আর বিএনপি, হেফাজতে ইসলামসহ কয়েকটি রাজনৈতিক ও ধর্মভিত্তিক সংগঠনের আন্দোলনের হুমকির মধ্যে মন্ত্রিসভা ও দল থেকে অপসারণ করা হয় লতিফকে।
হজ, তাবলিগ জামায়াত এবং প্রধানমন্ত্রীর ছেলে সজিব ওয়াজেদ জয়কে নিয়ে কটূক্তির অভিযোগে লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে বিভিন্ন জেলায় দুই ডজনের বেশি মামলা হয়।এর মধ্যে ঢাকার মোট ৬টি মামলায়ই তার বিরুদ্ধে সমন জারি করে আদালত।
মন্ত্রিত্ব ও দলীয় পদ হারানো লতিফ বর্তমানে ভারতে অবস্থান করছেন।
