২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার পূর্ণ মেয়াদ ক্ষমতায় থাকবে: সাজেদা

বর্তমান সরকার পূর্ণ মেয়াদ ক্ষমতায় থাকবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2014, 07:41 PM

Updated : 22 Aug 2022, 07:16 PM

বিএনপির সঙ্গে কোনো সমঝোতা বা সংলাপ হবে না বলেও জানান তিনি।

বুধবার মাগুরায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আন্দোলন কত প্রকার ও কী কী তা আওয়ামী লীগ জানে।

শেখ হাসিনার নেতৃত্বে নেতাকর্মীরা ঐক্যবদ্ধ ও উজ্জ্বীবিত রয়েছে, তাই বিএনপির আন্দোলনের হুমকিতে ভয় করে না আওয়ামী লীগ।

“জনগণ  শেখ হাসিনাকে পাঁচ বছরের জন্য ম্যান্ডেট দিয়েছে, যে কারণে বর্তমান সরকার পূর্ণ মেয়াদ ক্ষমতায় থাকবে,” বলেন আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর এই সদস্য।

বিএনপির সঙ্গে সংলাপের বিষয়ে সাজেদা চৌধুরী বলেন, জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন, কিন্তু খালেদা জিয়ার মুক্তিযুদ্ধের প্রতি বিশ্বাস আছে কি না সে ব্যাপারে সন্দেহ আছে।

“আওয়ামী লীগ মুক্তিযদ্ধের চেনতনায় বিশ্বাসী একটি দল। তাই বিএনপির সঙ্গে কোনো সমঝোতা বা সংলাপ নয়,” বলেন তিনি। 

ধর্ম নিয়ে লতিফ সিদ্দিকীর বিতর্কিত বক্তব্য সম্পর্কে তিনি বলেন, লতিফ সিদ্দিকীর বিষয়ে  দল সিদ্ধান্ত নেবে। আর ধর্মীয় বিষয়ে তার বক্তব্যের বিচার আল্লাহ করবেন।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান সাংসদ এম এস আকবরের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদানের আগে মাগুরা সার্কিট হাউজে সাজেদা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।  

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এম এস আকবর, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি তানজেল হোসেন খান, জেলা পরিষদ প্রশাসক সৈয়দ শরিফুল ইসলাম, প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সচিব সাইফুজ্জামান শেখর প্রমুখ।