২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশময় ভয়ঙ্কর নৈরাজ্য: খালেদা

সার্বিক ‘নিরাপত্তাহীনতার’ কারণে বাংলাদেশের মানুষের মনে ঈদের আনন্দ ম্লান হয়ে পড়েছে বলে দাবি করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2014, 07:15 PM

Updated : 22 Aug 2022, 07:15 PM

ঈদুল আজহা উপলক্ষে শনিবার এক বিবৃতিতে তিনি বর্তমান আইনশৃঙ্খলা ও বাজার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে এই দাবি করেন তিনি।

বিএনপি চেয়ারপারসন বলেন, “এখন জনগণের জান-মাল ও সহায় সম্পদের কোনো নিরাপত্তা নেই। লাগামহীনভাবে বৃদ্ধি পাচ্ছে দ্রব্যমূল্য। পানি-জ্বালানি তেল-গ্যাস- বিদ্যুতের তীব্র সঙ্কট দুর্বিষহ অবস্থার সৃষ্টি করেছে। আবারো বাড়ানো হচ্ছে গ্যাসের দাম। মোট কথায় দেশে এক ভয়ংকর নৈরাজ্য চলছে।”

এই অবস্থায় সবার পক্ষে ঈদের আনন্দ যথাযথভাবে উপভোগ করা সম্ভব হবে না বলে মনে করেন তিনি।

Image
File Photo

File Photo

ঈদের প্রাক্কালে বাংলাদেশসহ বিশ্বের মুসলমানদের শুভেচ্ছা জানিয়ে খালেদা বলেন, “স্বার্থপরতা পরিহার করে মানবতার কল্যাণে নিজেকে উৎসর্গ করা কোরবানির প্রধান শিক্ষা। হিংসা-বিদ্বেষ-লোভ-ক্রোধকে পরিহার করে সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় আত্মনিবেদিত হওয়া আমাদের  কর্তব্য।”

ঈদের শিক্ষা নিয়ে দরিদ্র ও অসহায় মানুষের সাহায্যের জন্য বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

“ঈদের আনন্দের দিনে কেউ যাতে অভুক্ত না থাকে, সেদিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে।”

“ঈদ সবার জীবনে সুখ-সমৃদ্ধি-সম্প্রীতি-সৌহার্দ্যের মেলবন্ধন রচনা করুক,”  এই কামনা করেছেন তিনি।