‘মিথ্যা মামলা দিয়ে সরকার ষড়যন্ত্র করছে’
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ দিয়ে সরকার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম।
শুক্রবার বিকালে চট্টগ্রাম নগরীর নাসিমন ভবনের বিএনপি কার্যালয়ের সামনে খালেদা জিয়ার ‘সপ্তম কারামুক্তি দিবস’-এর সমাবেশে তিনি বলেন, “এই সরকার ‘অবৈধভাবে’ ক্ষমতায় এসে দেশে নৈরাজ্য, দু:শাসন, নিপীড়ন নির্যাতন চালাচ্ছে।”
“জনগণ সরকারের ওপর আস্থা হারিয়ে ফেলেছে। গণ আন্দোলনের মাধ্যমে সরকারের পতন অনিবার্য।”
কেন্দ্রীয় বিএনপি’র তথ্য ও গবেষণা সম্পাদক ওয়াহিদুল বলেন, “খালেদা জিয়ার বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ দিয়ে সরকার যে ষড়যন্ত্র করছে তাতে সফল হতে পারবে না।”
বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে জিয়া পরিবারকে ‘ফাঁসানোর’ জন্য দেশি-বিদেশি ষড়যন্ত্র হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
চট্টগ্রাম নগর বিএনপি’র সহ-সভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় শিশু বিষয়ক সম্পাদক রোজী কবির, কেন্দ্রীয় সদস্য মাহবুবুর রহমান শামীম, ওয়ার্ড কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খান, মোশারফ হোসেন দীপ্তি, সবুক্তিগীন সিদ্দিকী মক্কী প্রমুখ।
সমাবেশ শেষে একটি শোভাযাত্রা বের হয় যা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
