খন্দকারের বই নিয়ে রওশনের ক্ষোভ
এ কে খন্দকারের ‘১৯৭১ : ভেতরে বাইরে’ বইয়ের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিতর্কিত করার চেষ্টা চালানো হয়েছে মন্তব্য করে এনিয়ে ক্ষোভ জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।
বুধবার বিরোধীদলীয় নেতার কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, “বঙ্গবন্ধুর দেশপ্রেম ও স্বাধীনতা সত্যিকার অর্থেই বিতর্কের ঊর্ধ্বে। সম্প্রতি মুক্তিযুদ্ধ নিয়ে এ কে খন্দকারের লেখা ‘১৯৭১ : ভেতরে বাইরে’ বইতে যে বিভ্রান্তিকর তথ্য পরিবেশন করা হয়েছে তার মাধ্যমে নয় মাসের মুক্তিযুদ্ধ তথা বঙ্গবন্ধুর ভাবমূর্তিকে বিতর্কিত করা হচ্ছে।”
ফাইল ছবি
গত আওয়ামী লীগ সরকারের পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকারের সদ্য প্রকাশিত ‘১৯৭১: ভেতরে বাইরে’ বইয়ে দাবি করা হয়, ৭ই মার্চ বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দিয়ে ভাষণ শেষ করেছিলেন ‘জয় পাকিস্তান’ বলে।
বইটি প্রকাশের পর থেকেই বীরউত্তম খেতাব পাওয়া মুক্তিবাহিনীর উপপ্রধান এ কে খন্দকারের তীব্র সমালোচনা হচ্ছে।
বিবৃতিতে রওশন এরশাদ বলেন, বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষক এটা নিয়ে বিতর্কের কোনো অবকাশ নেই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, ‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম’। তাঁর এই বক্তব্যের মধ্যেই স্বাধীনতার সব কিছু নিহিত।”
“সংগ্রাম বা মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে যে কোন তথ্য ও বিভ্রান্তিকর বক্তব্য যদি বঙ্গবন্ধুর ভাবমূর্তিকে ক্ষুন্ন করার অপপ্রয়াস হয়, তাহলে তা শুধু দুঃখজনকই নয়, বরং বিবেকের সাথে প্রতারণার শামিল।”
বঙ্গবন্ধুর ভাবমূর্তি সমুন্নত রাখতে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে মুক্তি সংগ্রামের ইতিহাস সঠিক মূল্যায়নের মাধ্যমে বঙ্গবন্ধুর ভূমিকা তুলে ধরার ওপর জোর দেন তিনি।
