‘সরকারের ফ্যাসিবাদী আচরণই জঙ্গিবাদ ও সন্ত্রাস বাড়াচ্ছে’
সরকারের ‘ফ্যাসিবাদী’ আচরণের কারণেই দেশে জঙ্গিবাদ ও সন্ত্রাস বৃদ্ধি পাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ।
বুধবার বিকালে এক আলোচনা সভায় তিনি বলেন, “দেশে আজ গণতন্ত্র নেই। সরকারের ফ্যাসিবাদী আচরণের কারণে জঙ্গিবাদ ও সন্ত্রাসের উৎপাদন বাড়ছে। গণতন্ত্র ফিরিয়ে আনাই আজ আমাদের জন্য বড় চ্যালেঞ্জ।
“আমরা দৃঢ়তার সঙ্গে বলতে চাই, সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ করেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দ্রুত গণতন্ত্র ফিরিয়ে আনা হবে। এই লক্ষ্যে আমাদের এগিয়ে যেতে হবে।”
রমনায় ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার ‘৭ম কারামুক্তি দিবস’ উপলক্ষে বিএনপি এই আলোচনা সভার আয়োজন করে।
ফাইল ছবি
সভায় বিএনপি’র জ্যেষ্ঠ নেতা মওদুদ পাঁচ জানুয়ারির নির্বাচনকে একতরফা হিসেবে দাবি করে ওই সময়ে খালেদা জিয়াকে ‘গৃহবন্দী’ করে রাখা হয়েছিল বলে মন্তব্য করেন।
তিনি এর সমালোচনা করে বলেন, “বিএনপি এখন সবচেয়ে জনপ্রিয় দলে পরিণত হয়েছে। মির্জা আব্বাসের নেতৃত্বে ঢাকা মহানগর এখন সংগঠিত হচ্ছে।
“আমরা বিশ্বাস করি মহানগর সংগঠন এমনভাবে শক্তিশালী করা হবে, যাতে করে বেগম জিয়ার বাসার কাছে এবার আর কোনো বালুর ট্রাক থাকতে পারবে না।”
প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিহত হওয়ার পর দলের মধ্যকার নানা বিভেদের মধ্যে ১৯৮২ সালে খালেদা জিয়ার নেতৃত্বে আসার ইতিহাস তুলে ধরে মওদুদ বলেন, “প্রেসিডেন্ট জিয়ার মৃত্যুর পর আমাদের মধ্যে ঐক্যের অভাব ছিলো। কিন্তু বেগম খালেদা জিয়া দলের নেতৃত্ব গ্রহণ করে সেই ঐক্য ধরে রেখেছেন।
“দলকে সংগঠিত ও ব্যাপক জনপ্রিয় করেছেন তিনি । তার নেতৃত্বের কারণেই বিএনপি এখন সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক দলে পরিণত হয়েছে।”
সভায় বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক মির্জা আব্বাস বলেন, “বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য নয়, জনগণেরর গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেয়ার জন্য আন্দোলন-সংগ্রাম করছে।
“আমরা সহিংস আন্দোলনের বিশ্বাস করি না। আমরা অহিংস আন্দোলনের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনবো।”
তিনি অভিযোগ করে বলেন, “শুনলাম সরকার আরও ৫০ হাজার পুলিশ নিয়োগ দেবে। দেশকে তারা পুলিশি রাষ্ট্রে পরিণত করেছে। আমরাও সংগঠন শক্তিশালী করছি। আমরাও বলে দিতে চাই, বিএনপি আরো ৫ লাখ কর্মী যোগাড় করবে।”
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের বক্তব্য তুলে ধরে মির্জা আব্বাস বলেন, “আশরাফ সাহেব বলেছেন, আমরা নাকি কিছুই করতে পারবো না। তাকে বলবো, তা-ই যদি মনে করে থাকেন, দয়া করে আপনারা ১০০ জন লোক নিয়ে আমাদের রাস্তায় বসার অনুমতি দিন।”
সাংবাদিক শফিক রেহমান ক্ষমতাসীনদের উদ্দেশ্য করে বলেন, “আমাকে তারা (আওয়ামী লীগ)পাকিস্তানি গুপ্তচর বলে। টাকা নিয়ে নাকি আমি এখানে এসেছি। এবকম বিএনপিসহ আমার সংগঠন জি-নাইন এর সবাই তাদের ভাষায় পাকিস্তানের চর।
“জিয়াউর রহমান থেকে শুরু করে একে খন্দকার পর্যন্ত সবাই। অর্থাৎ আওয়ামী লীগের বিরোধিতা করলেই তারা টাইটেল দিচ্ছে পাকিস্তানি এজেন্ট। এরকম একদিন দেখা যাবে শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যরা ছাড়া সবাইকে গুপ্তচর বা এজেন্ট বলে তারা টাইটেল দিয়েছে।”
তিনি বলেন, “তাহলে প্রশ্ন উঠতে পারে কারা আজ ক্ষমতায় আছে? তাদের (ক্ষমতাসীন) আনুগত্য মুক্তিযুদ্ধের কিংবা এই দেশটির প্রতি নয়, অন্য একটি দেশের প্রতি।
আন্দোলনে কর্মকৌশল ঠিক করতে বিএনপি’র নেতাদের প্রতি আহ্বান জানিয়ে শফিক রেহমান বলেন, “তারা (আওয়ামী লীগ) যত কিছুই করুক না কেন, ক্ষমতা থেকে চলে যেতে হবেই। এজন্য এখন থেকে প্ল্যান করতে হবে। এ, বি, সি, ডি প্ল্যান করতে হবে। আওয়ামী লীগারদের এবার গৃহবন্দি করতে হবে।”
আলোচনা সভায় সভাপতিত্ব করেন মির্জা আব্বাস।
এতে অন্যান্যের মধ্যে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান এবং বরকত উল্লাহ বুলু বক্তব্য দেন।
এছাড়া ২০ দলীয় জোটের শরিক ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী, বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা সভাপতি শফিউল আলম প্রধান আলোচনা সভায় বক্তব্য দেন।
পেশাজীবীদের মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পিয়াস করিম বক্তব্য রাখেন।
আলোচনা সভা পরিচালনা করেন ঢাকা মহানগর সদস্য সচিব হাবিব উন নবী খান সোহেল ও সহ দপ্তর সম্পাদক শামীমুর রহমান শামীম।
অনুষ্ঠানে অতিথি সারিতে জ্যেষ্ঠ নেতা সেলিমা রহমান, অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, আবদুস সালাম, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবীর খোকন, আবদুল লতিফ জনি, সুলতান সালাহউদ্দিন টুকু, নুরী আরা সাফা, শিরিন সুলতানা, মীর সরফত আলী সপু, শফিউল বারী বাবু, আবদুল কাদের ভ্ইুয়া জুয়েল প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন।
