হরতালের বিরুদ্ধে জনমত সৃষ্টির আহ্বান হাসিনার
আইন করে হরতাল নিষিদ্ধের সিদ্ধান্ত সরকারের না থাকলেও এই ধরনের কর্মসূচির বিরুদ্ধে জনমত গঠনে সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাতীয় সংসদে বুধবার প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে তিনি রাজনৈতিক এই কর্মসূচির বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরেন।
ময়মনসিংহ-৭ আসনে জাতীয় পার্টির সংসদ সদস্য এম এ হান্নানের প্রশ্ন ছিল- আইনের মাধ্যমে স্বল্পকালের জন্য হরতাল নিষিদ্ধ করা যায় কিনা?
জবাবে প্রধানমন্ত্রী বলেন, “সব কিছু আইন করে করা যায় না। দেশের মানুষকে সচেতন হতে হবে। তাদেরকেই প্রতিরোধ গড়ে তুলতে হবে।”
রাজনৈতিক কর্মসূচি হিসেবে বহুকাল ধরে এই অঞ্চলে হরতাল চলে আসছে। বিভিন্ন সময়ে তা নিষিদ্ধের দাবিও উঠেছে বিভিন্ন মহল থেকে।
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা হরতাল নিষিদ্ধের প্রশ্নের উত্তর দিতে গিয়ে গত বছর বিএনপি-জামায়াত জোটের সহিংস আন্দোলনের কথা তুলে ধরেন।
“বাসে আগুন, মানুষ পুড়িয়ে মারা, সকলকে সর্বস্বান্ত করা। এগুলো আন্দোলন না, হত্যা। এটা হরতাল নয়। এটা মূলত জঙ্গিবাদ এবং সন্ত্রাসের আরেক রূপ। এটা গ্রহণযোগ্য নয়।”
এরপর তিনি বলেন, “আমি এখন কিছু বলব না। তবে দেশের মানুষ চাইলে সেভাবে ব্যবস্থা নেওয়া যেতে পারে।”
হরতালের বিরুদ্ধে জনমত সৃষ্টি করতে সংসদ সদস্যদের তাগিদ দিয়ে হাসিনা বলেন, “জনমত সৃষ্টি করতে হবে- মানুষ যেন এই ভয়াবহ পরিস্থিতিতে না পড়ে।
“মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি হোক। দেশের মানুষ প্রতিরোধ করুন। সেটাই সমীচীন হবে।”
