২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারাবন্দি করে এবার আন্দোলন দমানো যাবে না: আব্বাস

বিএনপি নেতাদের কারাগারে বন্দি করে আন্দোলন দমনোর ষড়যন্ত্র করে সরকার এবার সফল হতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দলের মহানগর আহ্বায়ক মির্জা আব্বাস।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2014, 07:43 PM

Updated : 22 Aug 2022, 07:02 PM

শুক্রবার বিকালে রাজধানীতে এক আলোচনা সভায় তিনি বলেন, গণতন্ত্রের লেবাস পড়ে সরকার একনায়কতন্ত্রের বেশি কিছু করছে। তারা বিরোধী দলের নেতাদের জেলে বন্দি করার ষড়যন্ত্র করছে।

“সরকারকে বলে দিতে চাই, আমাদের জেলে পুরতে পারবেন, কিন্তু বিএনপির এবারকার আন্দোলন দমাতে পারবেন না।”

এবারের আন্দোলন সর্ম্পকে তিনি বলেন, “আমরা ক্ষমতায় যাওয়ার জন্য নয়, জনগণের গণতান্ত্রিক ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য আন্দোলন করছি।”

জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে জাতীয়তাবাদী যুব দলের উদ্যোগে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৭ম কারামুক্তি দিবস উপলক্ষে এই আলোচনা সভা হয়।

তারেক রহমানের দেশে ফেরার সব পথ বন্ধ করতে সরকার তার বিরুদ্ধে নানা মামলা দিচ্ছে বলে অভিযোগ করেন আব্বাস।

“১/১১-এর সময়ে যখন তাকে (তারেক রহমান) গ্রেপ্তার করা হয়, তখন তার বিরুদ্ধে একটি মামলাও ছিল না। এরপর একে একে তারেক রহমানের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। সরকার যত চেষ্টাই করুক না কেন, আন্দোলনের মধ্য দিয়ে তিনি দেশে ফিরে আসবেন। কেউ তার আগমনকে রুখতে পারবে না।”

এসময় নিজের নির্বাচনী এলাকায় সরকারি দলের নেতাকর্মীদের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরে তিনি।

আব্বাস বলেন, “ক্ষমতাসীনদের লুটপাট ও গুণ্ডামি বেড়ে গেছে। আমাদের শাসনামলে খিলগাঁওতে একটি কমিউনিটি সেন্টার নির্মাণ করেছিলাম। ওই সেন্টারের পাশ দিয়ে আজ আসার সময় দেখলাম, তা আওয়ামী লীগের সন্ত্রাসীরা তিন লাখ টাকায় ভাড়া দিচ্ছে।

“মালিবাগে কবরস্থানের জন্য নির্ধারিত জায়গাটি এখন তারা (আওয়ামী লীগ) গাড়ির গ্যারেজের জন্য ভাড়া দিচ্ছে। এভাবে সর্বত্র তারা গুণ্ডামি করে দখল করছে, লুটপাট করছে।”

সংগঠনের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় , যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু, যুব দলের সিনিয়র সহ সভাপতি আবদুস সালাম আজাদ, সাধারণ সম্পাদক সাইফুল আলম নিরব, কেন্দ্রীয় নেতা আবদুল খালেক, আবদুল বারী ড্যানি, সেলিমুজ্জামান খান সেলিম, মামুন হাসান, খন্দকার মাসুক, আলী আকবর চুন্নু, রফিকুল আলম মজনু ও এস এম জাহাঙ্গীর বক্তব্য রাখেন।