২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিক্ষোভ কর্মসূচি বিএনপির

খালেদা জিয়ার আদালতে হাজিরার সময় বাইরে জড়ো হওয়া বিএনপিকর্মীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে বিক্ষোভের কর্মসূচি দিয়েছে বিএনপি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2014, 08:49 PM

Updated : 22 Aug 2022, 07:01 PM

বৃহস্পতিবার রাজধানী বাদে সারাদেশে মহানগর ও জেলাগুলোতে পালনের জন্য এই কর্মসূচি ঘোষণা করে বুধবার সন্ধ্যায় নয়া পল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপির যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী।

সকালে রাজধানীর বকশীবাজারে ঢাকা মহানগর জজ আদালতের বিশেষ এজলাসের বাইরে বিএনপিকর্মীরা জড়ো হলে তাদের পুলিশ লাঠিপেটা করে এবং কাঁদুনে গ্যাস ছোড়ে। বিক্ষোভরত বিএনপিকর্মীদের ওপর হামলা হয় বগুড়ায়ও।

নিরাপত্তার কারণ দেখিয়ে জিয়া ট্রাস্ট সংক্রান্ত মামলার দুটির বিচার এই বিশেষ এজলাসে হচ্ছে, যার সমালোচনা শুরু থেকেই করে আসছে বিএনপি।

বিএনপি চেয়ারপারসন বুধবার মামলা দুটিতে হাজিরা দেন। বিএনপির ভাষায় ‘ষড়যন্ত্রমূলক’ এই মামলা দুটির সাক্ষ্যগ্রহণ এক সপ্তাহ পেছানো হয়েছে।

রিজভী বলেন, “নেত্রী যেখানে যাবেন, সেখানে মানুষের ঢল নামবেই। আজ দুপুরে বকশীবাজারের ঢাকা মহানগর অস্থায়ী আদালতের বাইরে নেতা-কর্মীরা নেত্রীকে স্বাগত জানাতে সমবেত হয়েছিল।”

জনগণ দেখলে সরকার ‘ভয় পায়’ বলেই পুলিশ দিয়ে হামলা চালানো হয়েছে বলে দাবি করেন তিনি।

হামলায় ২৫ জন আহত হয়েছেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। এর মধ্যে রয়েছেন আরিফুর রহমান নাদিম, শামসুল আলম, বেলাল হোসেন, জুয়েল আহমেদ, নজরুল ইসলাম, হুমায়ুন, নুরুল হুদা নুরু, মিন্টু, মহসিন, আনিসুর রহমান তালুকদার খোকন, দিলারা পলি, নুরজাহান বেগম, শিরিন আক্তার রীনা, ফরিদা বক্কর, নাজমুন নাহার বেবী, নূপুর।

বগুড়ায় জেলা বিএনপি ও যুবদলের কার্যালয়ে পুলিশের ‘ছত্রছায়ায়’ সরকারি দলের কর্মীরা হামলা চালায় বলে রিজভীর অভিযোগ।

তিনি বলেন, বগুড়ায় যুবদল সভাপতি সিপার আল বখতিয়ারসহ অর্ধশতাধিক নেতা-কর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে।

সংবাদ সম্মেলনে রিজভীর সঙ্গে ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা আবদুস সালাম, সানাউল্লাহ মিয়া, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, হাবিবুর রহমান হাবিব, মোস্তাফিজুর রহমান বাবুল, হাবিব উন নবী খান সোহেল, শিরিন সুলতানা, আবদুস সালাম আজাদ, আবদুল আউয়াল খান।

পুরনো খবর:

আদালতের বাইরে পুলিশ-বিএনপি সংঘর্ষ