২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জন্মদিনের কেক কাটলেন খালেদা

রাজনৈতিক অঙ্গনে সমালোচনার মধ্যে ১৫ অগাস্টের প্রথম প্রহরে দলের নেতা-কর্মীদের নিয়ে কেক কেটে নিজের জন্মদিন উদযাপন করলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2014, 12:50 AM

Updated : 13 Oct 2022, 12:27 PM

পুরনো খবর:

জন্মদিন পালনের জন্য দায়ী আওয়ামী লীগ: গয়েশ্বর
জন্মদিন একদিন আগে-পরে করুন: খালেদাকে কাদের

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার এই দিনে জন্মদিন উদযাপন না করতে তার প্রতি আহ্বান ছিল আওয়ামী লীগের।

তবে তার জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছিলেন, আওয়ামী লীগ নেতাদের ‘তির্যক কথা-বার্তাই’ তাদের এই জন্মদিন পালনে উৎসাহিত করছে।    

বৃহস্পতিবার রাত ১২টা ০১ মিনিটে গুলশানে নিজের কার্যালয়ে কেক কাটেন খালেদা। কেক কাটার পর নেতা-কর্মীরা শুভেচ্ছা জানায় তাকে।

রাত ১১টার দিকে বিএনপির পক্ষ থেকে ৫০ পাউন্ডের একটি কেক আনা হয়। এছাড়া ঢাকা মহানগর বিএনপি ও ছাত্রদল আরো দুটি কেক আনে।

বিএনপির প্রতীক সম্বলিত কেকটি নিজে কাটেন খালেদা জিয়া। এরপর দলের প্রবীণ নেতা আর এ গনি এবং ঢাকা মহানগর আহ্বায়ক মির্জা আব্বাসকে নিয়ে অন্য দুটি কেক কাটেন তিনি।

কেক কাটার সময়ে কার্যালয়ে জড়ো হওয়া হাজার খানেক নেতা-কর্মী ‘শুভ শুভ শুভ দিন, খালেদা জিয়ার জন্মদিন’ স্লোগান দিয়ে তাদের নেত্রীকে শুভেচ্ছা জানায়। 

কেক কেটে খালেদা জিয়া কক্ষের ফটকের সামনে এসে কর্মীদের ফুলের শুভেচ্ছা নেন। পরে কেক দুটি এতিম খানার শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেয়ার নির্দেশ দেন তিনি।

কেক কাটার সময় খালেদার পাশে ছিলেন দলের  ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য জমিরউদ্দিন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান।

সেখানে উপস্থিত ছিলেন সেলিমা রহমান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, শওকত মাহমুদ, আবদুল হালিম, সাবিহ উদ্দিন আহমেদ, এম এ কাইয়ুম, জয়নুল আবেদীন, এ জেড এম জাহিদ হোসেন, আমান উল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু, সালাহউদ্দিন আহমেদ, মাহবুব উদ্দিন খোকন।

কেন্দ্রীয় নেতাদের মধ্যে আরো ছিলেন গোলাম আকবর খন্দকার, আবদুস সালাম, খায়রুল কবীর খোকন, নাজিম উদ্দিন আলম, মাসুদ আহমেদ তালুকদার, সানাউল্লাহ মিয়া, কাজী মাজহারুল আনোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, হাবিব উন নবী খান সোহেল, নাসির উদ্দিন অসীম, আবদুল লতিফ জনি, শামীমুর রহমান শামীম, সাইফুল আলম নিরব, নুরী আরা সাফা, শিরিন সুলতানা, আজিজুল বারী হেলাল, সুলতান সালাহউদ্দিন টুকু, এম এ মালেক, মনির খান, শ্যামা ওবায়েদ, আবদুল কাদের ভুঁইয়া জুয়েল, অভিনেতা আশরাফউদ্দিন উজ্জ্বল, কণ্ঠশিল্পী বেবী নাজনীন।

সাংবাদিত শফিক রেহমান ছাড়াও পেশাজীবী নেতাদের মধ্যে ছিলেন রুহুল আমিন গাজী, এম এ আজিজ, সৈয়দ আবদাল আহমেদ প্রমুখ।

খালেদার জন্মদিন উপলক্ষে শুক্রবার সকালে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, জাসাসের পক্ষ থেকে কাটা হবে বলে জানানো হয়েছে।

বিএনপির ভাষ্য অনুযায়ী, এদিন খালেদা জিয়া ৬৯ বছরে পা দিলেন।

তবে তার আরো জন্মদিনের খোঁজ পাওয়া যায়। সেইসঙ্গে তার জন্মসাল নিয়েও দুই রকম তথ্য রয়েছে।

খালেদা জিয়ার জন্ম ১৯৪৬ সালে বলে তার নতুন করা পাসপোর্টে থাকলেও বিএনপি নেতা গয়েশ্বর রায় বৃহস্পতিবার এক অনুষ্ঠানে জানিয়েছেন, তার নেত্রীর জন্ম ১৯৪৫ সালে।

বাংলা পিডিয়াসহ খালেদা জিয়ার জীবনীর ওপর রচিত কয়েকটি গ্রন্থে তার জন্ম বছর ১৯৪৫ সালের ১৫ অগাস্ট দেখানো হয়েছে।

খালেদা জিয়ার বাবা এস্কান্দার মজুমদারের বাড়ি ফেনী হলেও তিনি দিনাজপুরে ঠিকানা নিয়েছিলেন। খালেদা জিয়ার জন্মও সেখানে। তার মায়ের নাম তৈয়বা মজুমদার।

১৯৬০ সালের অগাস্ট মাসে পাকিস্তান সেনাবাহিনীর ক্যাপ্টেন জিয়াউর রহমানের সঙ্গে বিয়ে হয় খালেদার। স্বাধীনতার পর ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর নানা পটপরিবর্তনে জিয়া রাষ্ট্রক্ষমতায় আসেন।

আওয়ামী লীগ নেতাদের অভিযোগ, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর বাংলাদেশকে পাকিস্তানি ভাবাদর্শের দিকে চালিত করার যে চেষ্টা করা হয়, বিতর্কিত জন্মদিন পালনের মধ্য দিয়ে কার্যত তা-ই উদযাপন করেন খালেদা।

১৯৮১ সালে ৩০ মে স্বামী রাষ্ট্রপতি জিয়া নিহত হওয়ার পর রাজনীতির অঙ্গনে পা রাখেন গৃহবধূ খালেদা। প্রথমে দলের ভাইস চেয়ারম্যান এবং ১৯৮৪ সালে দলের চেয়ারপারসন নির্বাচিত হন তিনি।

এরশাদবিরোধী আন্দোলনে ৭ দলীয় জোটের নেত্রী হিসেবে খালেদা জিয়া বলিষ্ঠ ভূমিকা পালন করেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলেন, ‘ক্যান্টনমেন্টে’ জন্ম নেয়া দল বিএনপির জনভিত্তি তৈরি করে দেন খালেদাই।

১৯৯১ সালে সংসদ নির্বাচনে বিএনপি বিজয়ী হলে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন খালেদা। ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির বিতর্কিত নির্বাচনের পর কয়েক দিনের জন্য প্রধানমন্ত্রী ছিলেন তিনি।

২০০১ সালের নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট জয়ী হলে পুনরায় প্রধানমন্ত্রী হন খালেদা জিয়া। ২০০৮ সালের নির্বাচনে হারের পর সংসদে বিরোধীদলীয় নেতার দায়িত্ব পালন করেন তিনি।

চলতি বছরের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম সংসদ নির্বাচন বিএনপি বর্জন করায় সংসদে প্রতিনিধিত্ব হারান খালেদা। দুই যুগ পর রাষ্ট্রীয় প্রটোকল হারান তিনি।