গাড়ি পোড়ানোর মামলায় ফখরুলদের অভিযোগ গঠন পেছাল
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানোর মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২০ দলীয় জোটের ৪৬ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠনের দিন আবার পিছিয়ে গেছে।
ঢাকার দ্রুত বিচার আদালতের বিচারক আতাউল হক আগামী ৪ সেপ্টেম্বর এ মামলায় অভিযোগ গঠনের নতুন দিন রেখেছেন।
আসামিদের আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার জানান, মামলাটি আমলে নেয়া ‘অবৈধ হয়েছে’ দাবি করে আসামিদের করা একটি আবেদন উচ্চ আদালতে শুনানির অপেক্ষায় রয়েছে।
এই কারণ দেখিয়ে আসামিরা অভিযোগ গঠনের শুনানির আগে আরো সময় চাইলে বিচারক তা মঞ্জুর করেন।
আসামিদের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার ও আ স ম হান্নান শাহ এ সময় আদালতে উপস্থিত ছিলেন।
২০১২ সালের ২৯ এপ্রিল হরতাল চলাকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানোর ঘটনায় বিএনপি-জামায়াত জোটের ৪৬ নেতাকর্মীর বিরুদ্ধে তেজগাঁও থানায় এ মামলা হয়।
গত বছরের ১০ মে পুলিশ ৪৫ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দিলেও পরে ২৭ মে ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক আব্দুল জব্বারকে আসামির তালিকায় যোগ করে সম্পূরক অভিযোগপত্র দেয়া হয়।
জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল হোসেন ও ঢাকা মহানগর জামায়াতের সেক্রেটারি নুরুল ইসলাম বুলবুলসহ দলটির কয়েকজন নেতাকে মামলার শুরু থেকেই পলাতক দেখানো হয়েছে।
মামলাটি আমলে নেয়া অবৈধ হয়েছে দাবি করে উচ্চ আদালতে যায় আসামিরা। হাই কোর্টে তাদের আবেদন খারিজ হয়ে গেলে আসামিরা আপিলের আবেদন করেন।
এই কারণ দেখিয়ে আসামিরা সময় চাওয়ায় এ মামলায় অভিযোগ গঠন এ পর্যন্ত কয়েক দফা পিছিয়েছে।
