শফিকুলসহ জামায়াতের ২০ নেতাকর্মী রিমান্ডে
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি শফিকুল ইসলামসহ গ্রেপ্তার ২০ জামায়াত নেতাকর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য চারদিনের পুলিশ হেফাজতে নেওয়ার অনুমতি দিয়েছে আদালত।
রোববার তাদেরকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় ১০ দিন করে হেফাজতে নেওয়ার আবেদন জানান মোহাম্মদপুর থানা পুলিশের এসআই সাইফুল ইসলাম।
ঢাকার মহানগর পুলিশের অপরাধ, তদন্ত ও প্রসিকিউশন বিভাগের অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রিমান্ড আবেদনের শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম আতাউল হক প্রত্যেকের জন্য চারদিন করে হেফাজত মঞ্জুর করেন।
অপর আসামিরা হলে- জামায়াতের মোহাম্মদপুর থানা শাখার আমির জিয়াউল হাসান, ৪৪নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মাহবুবুর রহমান, জামায়াতকর্মী আব্বাস মিয়া, কামরুল হাসান, ছগীর, লোকমান হোসেন, সৈয়দ আহম্মদ আলী, ইব্রাহিম, আল-আমিন, মাহে আলম, মনির হোসেন, ইউসুফ, ইব্রাহীম মনির, মাজহারুল ইসলাম হীরা, হাবিব, আবদুল হালিম, নূর আমীন, মনির হোসেন ও মুশফিক।
শনিবার রাতে গোপন বৈঠক করার সময় মোহাম্মদপুরের জাকির হোসেন রোডের একটি বাসা থেকে তাদের গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা পুলিশ।
আসামিদের বিরুদ্ধে সরকারবিরোধী ষড়যন্ত্র করতে গোপন বৈঠকের অভিযোগ এনে বিশেষ ক্ষমতা আইনে তাদের বিরুদ্ধে একটি মামলা করা হয়।
