২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজায় হামলা বন্ধে যুক্তরাষ্ট্রের পদক্ষেপ চান হাছান মাহমুদ

গাজায় ইসরায়েলের হামলা বন্ধে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের ‘পরাশক্তি’দের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2014, 04:43 PM

Updated : 25 Apr 2022, 04:32 PM

গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদে রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘বাংলাদেশ স্বাধীনতা পরিষদ’ নামের একটি সংগঠন আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

হাছান মাহমুদ বলেন, “সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েল ফিলিস্তিনে নির্বিচারে হামলা চালিয়ে শত-শত মানুষকে হত্যা করছে। তাদের হাত থেকে নারী ও শিশুরাও মুক্তি পাচ্ছে না। অথচ তারপরও বিশ্ববিবেক নীরব রয়েছে।

“আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর কাছে অনুরোধ করে বলি, এ হত্যাকাণ্ড বন্ধ করতে আপনারা ভূমিকা রাখুন।”

আরব বিশ্বের সমালোচনা করে সাবেক মন্ত্রী হাছান মাহমুদ বলেন, “এ ঘটনায় সরব হওয়ার কথা থাকলেও যখন দেখি আরব লীগ ও ওআইসি নিশ্চুপ, তখন আশ্চর্য হয়ে যাই। জানতে চাই, তাদের মাথা কি কেউ কিনে নিয়েছে?”

এই প্রসঙ্গে বিএনপির সমালোচনা করে তিনি বলেন, “বিএনপি ও তার বন্ধু ইসলামী সংগঠনগুলো নির্বাচনী বৈতরণী পার হতে ইসলামের কথা বললেও ক্ষমতায় আসতে তারা দেশের বাইরে ইহুদি লবিস্ট নিয়োগ করেছে। এজন্য ইসরায়েলে সন্ত্রাসী কর্মকাণ্ড দেখেও তারা নিশ্চুপ আছে।”

প্রতি শুক্রবার দেশের সব মসজিদে গাজায় হামলা বন্ধ ও নিহতদের আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল আয়োজনেরও আহ্বান জানান হাছান মাহমুদ।

সমাবেশে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার, কৃষক লীগের সহসভাপতি এম এ করিম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।