কমিটি গঠনের কাজ শুরু করবে মহানগর বিএনপি
শিগগিরই মাঠ পর্যায়ে কমিটি গঠনের কাজ শুরু করবে ঢাকা মহানগর বিএনপি।
বুধবার সকালে মহানগরের নতুন কমিটির এক রুদ্ধদ্বার বৈঠকে এই সিদ্ধান্ত হয়। তবে বৈঠকের পর সাংবাদিকদের কোনো ব্রিফিং করা হয়নি।
বৈঠকে অংশ নেয়া একাধিক নেতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৈঠকে ঢাকা মহানগরের থানা ও ওয়ার্ড কমিটি গঠন এবং সাংগঠনিক কার্যক্রম জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে। থানা ও ওয়ার্ড কমিটিগুলো দ্রুত গঠন করতে জ্যেষ্ঠ নেতাদের দায়িত্ব দেয়া হবে।
ঢাকা মহানগরে ৪৯টি থানা, ১০০টি ওয়ার্ড ও ১৮টি ইউনিয়ন রয়েছে।
গত ১৮ জুলাই মির্জা আব্বাসকে আহ্বায়ক ও হাবিব উন নবী খান সোহেলকে সদস্য সচিব করে ঢাকা মহানগরের ৫২ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করে বিএনপি।
এরপর ২৩ জুলাই এই কমিটি প্রথম বৈঠক করে মহানগর কার্যালয়ে।
বুধবার নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের তৃতীয় তলায় মহাসচিবের কক্ষে মির্জা আব্বাসের সভাপতিত্বে বৈঠকে স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম, মহানগর নেতাদের মধ্যে রফিকুল ইসলাম মিয়া, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল আউয়াল মিন্টু, আমান উল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, আবদুস সালাম, আবুল খায়ের ভূঁইয়া, আবু সাঈদ খান খোকন, কাজী আবুল বাশার, সালাহউদ্দিন আহমেদ, এম এ কাইয়ুম, সদস্য সচিব হাবিব উন নবী খান সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন।
মন্ত্রিসভায় জাতীয় সম্প্রচার নীতিমালা অনুমোদনের নিন্দা জানিয়ে প্রস্তাব গৃহীত হয় বৈঠকে।
মঙ্গলবার রাতে গুলশানের কার্যালয়ে ঢাকা মহানগরের নতুন আহ্বায়ক কমিটির নেতাদের সঙ্গে প্রথমবারের মতো বৈঠক করেন খালেদা জিয়া। ওই বৈঠকে মহানগর কমিটিকে আন্দোলনমুখী সংগঠন হিসেবে গড়ে তোলার জন্য নেতাদের নির্দেশনা দেন বিএনপি চেয়ারপারসন।
তারই প্রেক্ষিতে মহানগর আহ্বায়ক কমিটি দ্রুত মাঠ পর্যায়ের কমিটি গঠনের সিদ্ধান্ত নিতে বুধবার বৈঠকে বসে।
