২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যু, হামলা-ভাংচুর

দুর্বৃত্তের হামলায় আহত ফেনী সদরের এক ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যু হয়েছে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2014, 04:01 PM

Updated : 22 Aug 2022, 06:50 PM

মঙ্গলবার রাতে বালিগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোস্তফা মনির (৩২) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ ঘটনার প্রতিবাদে রাতেই যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষুব্ধ নেতাকর্মীরা বালিগাঁও ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্রে এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বাড়িতে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ করে।

বুধবার সকালে ফেনীর পুলিশ সুপার পরিতোষ ঘোষ ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্র ও কামাল উদ্দিনের বাড়ি পরিদর্শন করেন। এ দুটি ঘটনায় পৃথক মামলা হবে বলে জানান ওসি মাহাবুব মোর্শেদ।

ফেনী সদর মডেল থানার ওসি মাহাবুব মোর্শেদ জানান, মঙ্গলবার সন্ধ্যায় মোস্তফা মনির অটোরিকশায় সোনাগাজী উপজেলার মান্দারী গ্রামে নানা বাড়ি যাচ্ছিলেন। পথে উপজেলার চর মজলিশপুর ইউনিয়নের বিষ্ণুপুর কালীবাড়ির পাশে ৩-৪ জন দুর্বৃত্ত তাকে এলোপাথাড়ি পিটিয়ে ও কুপিয়ে আহত করে ফেলে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ফেনীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করালে রাতেই তিনি মারা যান।

ওসি আরো বলেন,  মনিরের মৃত্যু সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে রাতেই বালিগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য কামাল উদ্দিনের বাড়িতে হামলা-ভাংচুর ও খড়ের গাদায় আগুন দেয় একদল লোক। ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্রেও হামলা হয়।

বালিগাঁও ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্রের উদ্যোক্তা মো. মহিউদ্দিন বলেন, দুর্বৃত্তরা তথ্যসেবা কেন্দ্রে হামলা করে কম্পিউটার ভাংচুর ও জিনিসপত্র তছনছ করেছে।