ঢাকার নতুন কমিটির সঙ্গে বসছেন খালেদা
আন্দোলনের কর্মসূচি চূড়ান্ত করার আগে ঢাকা মহানগরের নতুন আহ্বায়ক কমিটির সঙ্গে প্রথমবারের মতো বৈঠকে বসছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
মঙ্গলবার রাত ৮টায় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এই বৈঠক হবে বলে জানিয়েছেন খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান।
গত ১৮ জুলাই মির্জা আব্বাসকে আহ্বায়ক করে ৫২ সদস্যের নতুন কমিটি ঘোষণা করে বিএনপি।
দশম জাতীয় সংসদ নির্বাচন বর্জন এবং প্রতিহতের ঘোষণা দেয়া হলেও ঢাকা মহানগরে দলের নিষ্ক্রিয়তার কারণে ব্যাপক সমালোচনার মুখে সাদেক হোসেন খোকার নেতৃত্বাধীন ১৯ সদস্যের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে নতুন এ কমিটি গঠন করা হয়।
ফাইল ছবি
নতুন আহ্বায়ক কমিটিকে দুই মাসের মধ্যে ওয়ার্ড ও থানা পর্যায়ের সব কমিটি গঠন ও মহানগরে সম্মেলন করে পূর্ণাঙ্গ কমিটি গঠনের সময়সীমা বেঁধে দেয়া হয়।
এদিকে খালেদা জিয়া একাধিকবার ঈদের পর আন্দোলনের কর্মসূচি ঘোষণার কথা বললেও এখনো এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।
দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসার জন্য বর্তমানে সিঙ্গাপুর রয়েছেন। মঙ্গলবার রাতে তার দেশে ফেরার কথা।
শিগগিরই দলের স্থায়ী কমিটি ও ২০ দলীয় জোটের শরিকদের সঙ্গে বৈঠক করে খালেদা জিয়া আন্দোলনের কর্মসূচি চূড়ান্ত করবেন বলে জানিয়েছেন দলের একাধিক নীতিনির্ধারক।
