২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আন্দোলন চাইলে তারেককে ফিরতে হবে’

আন্দোলন গড়ে তুলতে চাইলে বিএনপিকে তাদের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফেরানোর পরামর্শ দিয়েছেন যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2014, 09:01 PM

Updated : 22 Aug 2022, 06:49 PM

সোমবার সংগঠনের সভাপতিমণ্ডলীর এক সভায় তিনি বলেছেন,“আন্দোলন করতে হলে তারেক জিয়াকে দেশে ফিরে আসতে হবে, রাজপথে নামতে হবে। লন্ডনে পালিয়ে থেকে হুঙ্কার দিলেই আন্দোলন হয় না, ষড়যন্ত্র হয়।”

বিভিন্ন মামলা মাথায় নিয়ে লন্ডনে অবস্থানরত তারেকের দল বিএনপি ঈদের পর নির্দলীয় সরকারের দাবি আদায়ে আন্দোলনের ঘোষণা দিয়েছে।  

সেই আন্দোলন রাজপথে মোকাবেলার ঘোষণাও দিয়েছেন যুবলীগ চেয়ারম্যান।

তিনি বলেন, “এবারের রমজান মাসে বাংলাদেশের মানুষ খালেদা জিয়ার কণ্ঠে হুঙ্কার শুনেছে। এতে মানুষ ভীত হয়েছে।

“কারণ অতীতে এবং নিকট অতীতেও প্রমাণিত হয়েছে, বিএনপির আন্দোলন মানে জনগণকে নিয়ে মাঠে নামা নয়। আন্দোলনের নামে তারা নিজস্ব সন্ত্রাস করে।”

যুবলীগের এই বৈঠকে সাধারণ সম্পাদক হারুনুর রশিদ ছাড়াও ছিলেন সভাপতিমণ্ডলীর সদস্য সহীদ সেরনিয়াবাত, মজিবুর রহমান চৌধুরী, নুরুন্নবী চৌধুরী শাওন প্রমুখ।

সভায় যুবলীগের অগাস্ট মাসের কর্মসূচি ঘোষণা করা হয়। যার মধ্যে রয়েছে- ৫ অগাস্ট জন্মদিনে শেখ কামালের প্রতিকৃতিতে ও কবরস্থানে শ্রদ্ধা নিবেদন এবং আলোচনা সভা। ৮ অগাস্ট বেগম ফজিলাতুন্নেসা মুজিবের জন্মদিনে বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন ও কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভা। ১২ অগাস্ট জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও শোক শোভাযাত্রা।

এর পাশাপাশি আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতেও অংশ নেবে সহযোগী সংগঠন যুবলীগ।