সিলেটে ছাত্রদলের সংঘর্ষে আহত ১০
সিলেট নগরীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ আহত হয়েছেন।
বুধবার বিকালে মিরবক্সটুলা এলাকায় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসভাপতি শামসুজ্জামান জামান ও মহানগর ছাত্রদল সভাপতি জিয়াউল গনী আরেফিন জিল্লুর সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়।
কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান জানান, দুপুরে মহানগর ছাত্রদল নেতা জিল্লুল হক জিলু হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে চৌহাট্টা এলাকায় মানববন্ধন করে জামানের পক্ষের নেতাকর্মীরা।
একই সময়ে মিরবক্সটুলায় জিলু হত্যা মামলার আসামি মহানগর ছাত্রদলের সহ-সভাপতি মাহবুব কাদির শাহীর উপর থেকে মামলা প্রত্যাহারের দাবিতে মিছিল বের করে জিল্লুর পক্ষের নেতাকর্মীরা।
তিনি বলেন, জামানের পক্ষের নেতাকর্মীরা মানববন্ধন থেকে মিরাবাজার ফেরার পথে মিরবক্সটুলায় জিল্লুর পক্ষের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়ায়।
সংঘর্ষে দুপক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে ছাত্রদলকর্মী রানা, জুবের ও রাজকে বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষ চলাকালে জামানের পক্ষের নেতাকর্মীদের একটি মোটরসাইকেলে আগুন দেয়া হয়।
বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে জানিয়ে ওসি আতাউর রহমান জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ছাত্রদলের অভ্যন্তরীণ কোন্দলে গত ২৭ জুন ছাতকের গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও সিলেট মহনগর ছাত্রদলের সদস্য জিল্লুল হক জিলু নিহত হন।
এরপর থেকে শামসুজ্জামান জামান ও জিয়াউল গনী আরেফিন জিল্লুর নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
জামান পক্ষের দাবি জিল্লুর পক্ষের কর্মীরা জিলুকে হত্যা করেছে। অপরদিকে জিল্লুর পক্ষের দাবি জামান পক্ষের কোন্দলের জেরেই খুন হয়েছেন জিলু।
