২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ববেহায়া ও দুর্নীতিবাজরা এক হয়েছে: খালেদা

‘বিশ্ববেহায়া ও দুর্নীতিবাজরা’ এখন এক হয়েছে মন্তব্য করে দেশকে ‘রাহুমুক্ত’ করতে সবাইকে সরকারবিরোধী আন্দোলনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2014, 09:24 PM

Updated : 13 Oct 2022, 12:21 PM

মঙ্গলবার বিকল্পধারা বাংলাদেশ-এর এক ইফতার অনুষ্ঠানে ঈদের পর দ্রুত নির্বাচনের দাবিতে জোরালো আন্দোলনে নামারও ইঙ্গিত দেন তিনি।

খালেদা জিয়া বলেন, “আমরা এক কঠিন সঙ্কটকাল অতিক্রম করছি। বিশ্ববেহায়া ও দুর্নীতিবাজরা আজ এক হয়েছে। এরকম পরিস্থিতিতে আমরা মনে করি, কে বড় কে ছোট, কে ডান কে বাম, কে হিন্দু-মুসলিম-বৌদ্ধ এসব ভেদাভেদ ভুলে দেশ ও গণতন্ত্র রক্ষার স্বার্থে সবাইকে এক হয়ে কাজ করতে হবে।’’

নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময় তখনকার রাষ্ট্রপতি জাতীয় পার্টির প্রধান হুসেইন মুহাম্মদ এরশাদকে নিয়ে শিল্পী কামরুল হাসানের আঁকা ব্যঙ্গচিত্র ‘বিশ্ব বেহায়া’র কথা মনে করিয়ে দিয়ে খালেদা বলেন, “এই সরকারের ভেতরে কোনো ভালো মানুষ নেই। আমাদের দেশের বরেণ্য শিল্পী কামরুল হাসান যাকে একদিন বিশ্ববেহায়া উপাধি দিয়েছিলেন, সেও তাদের সঙ্গে এক হয়েছে।’’

ক্ষমতাসীনরা লুটপাট করছে অভিযোগ করে বিএনপি চেয়ারপারসন বলেন, এ সরকারের আমলে কতো মানুষ খুন হয়েছে, তার কোনো হিসাব নেই।

“এসব বিশ্ববেহায়া ও দুর্নীতিবাজের হাত থেকে দেশকে রক্ষা করতে হলে আমাদের ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া আর কোনো বিকল্প নেই।’’

রাজধানীর কারওয়ান বাজারের সামারাই কনভেনশন সেন্টারে এই ইফতার অনুষ্ঠানের খালেদা জিয়া ছিলেন প্রধান অতিথি। তার এক টেবিলে ছিলেন বিকল্পধারার সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, মহাসচিব আবদুল মান্নান ও আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক।

অন্যদের মধ্যে নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন, সম্পাদক মাহবুবউদ্দিন খোকন, কৃষক শ্রমিক জনতা লীগের মহাসচিব হাবিবুর রহমান খান, ফরোয়ার্ড পার্টির মোস্তফা আমিন, মুসলিম লীগের একাংশের নুরুল হক মজুমদার, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী, সাবেক রাষ্ট্রদূত আবদুর রহিম, সাংবাদিক মাহফুজউল্লাহ, বিকল্পধারার মাহী বি চৌধুরী, ড. নুরুল আমিন ব্যাপারী, ড. আবু মোজাফফর, আবদুর রউফ মান্নান, মাহবুব আলী ইফতারে অংশ নেন।

বিএনপি নেতাদের মধ্যে ছিলেন ড. আর এ গনি, এম কে আনোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, শিরিন সুলতানা প্রমুখ।