পাল্টা খালেদাকে ক্ষমা চাইতে বললেন জাপা মহাসচিব
সংবাদপত্রে নিবন্ধের জন্য এইচ এম এরশাদকে ক্ষমা চাইতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আহ্বানের প্রতিক্রিয়ায় খালেদা জিয়াকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।
রোববার এক বিবৃতিতে তিনি বলেছেন, “এরশাদ নয়, জাতীয়তাবাদের কলঙ্ক খালেদা জিয়াকেই জাতির কাছে ক্ষমা চাইতে হবে।”
জাতির কাছে ক্ষমা চাওয়ার আগে এরশাদের কাছে ক্ষমা চাইতে বিএনপি চেয়ারপারসনের প্রতি আহ্বান জানান বাবলু।
সম্প্রতি একটি দৈনিক পত্রিকায় জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদের একটি খোলা চিঠি প্রকাশিত হয়, যাতে তিনি লিখেছেন, “জিয়াউর রহমান রক্তের ওপর দিয়ে ক্ষমতায় গেছেন।”
এর প্রতিক্রিয়ায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল শনিবার এক আলোচনা সভায় বলেন, “জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ একটি গণতান্ত্রিক সরকারকে হটিয়ে বন্দুকের নলের জোরে ক্ষমতায় এসেছিলেন। দেশের রাজনীতির যে কলঙ্কিত চেহারা তার হোতাও এরশাদ।”
‘মিথ্যাচারের’ জন্য এরশাদকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান তিনি।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ওই বক্তব্যের জবাবে জাতীয় পার্টির মহাসচিব বলেন, “কাচের ঘরে বসে বাইরে ঢিল ছুড়বেন না। হুসেইন মুহাম্মদ এরশাদ ও জিয়াউর রহমানের ক্ষমতা গ্রহণ এক নয়।
“হুসেইন মুহাম্মদ এরশাদ ক্ষমতায় এসেছেন একজন নির্বাচিত রাষ্ট্রপতির আমন্ত্রণে সামরিক আইন জারির মধ্য দিয়ে। আর জিয়াউর রহমান ক্ষমতায় এসেছেন ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা ও ৩ নভেম্বর থেকে ৭ নভেম্বর অসংখ্য দেশপ্রেমিক সেনা কর্মকর্তা ও মুক্তিযোদ্ধা হত্যাকাণ্ডের সিঁড়ি বেয়ে।”
জিয়াউদ্দিন আহমেদ বাবলু।
বাংলাদেশের স্বাধীনতাবিরোধী জামায়াতে ইসলামীকে পৃষ্ঠপোষকতা দেয়ার জন্যও খালেদা জিয়াকে ক্ষমতা চাওয়ার আহ্বান জানান তিনি।
জাতীয়তাবাদী ছাত্রদলকে ‘গুণ্ডাবাহিনী’ আখ্যায়িত করে এই ছাত্র সংগঠন সৃষ্টির জন্য জিয়ার অবর্তমানে খালেদা জিয়াকে ক্ষমা চাওয়ার আহ্বানও জানান ডাকসুর সাবেক জিএস বাবলু।
“হুসেইন মুহাম্মদ এরশাদ তার নিবন্ধে ইতিহাস তুলে ধরেছেন। সত্য কথা মির্জা আলমগীর সাহেবের সহ্য হয়নি বলে তিনি আবোল-তাবোল বকছেন। এ পর্যন্ত বিএনপি যা যা করেছে, তার জন্য জাতির কাছে ক্ষমা চেয়েও হয়তো মার্জনা পাওয়া যাবে না। তাই এরশাদের কাছে তাকে (খালেদা) আগে ক্ষমা চাইতে হবে।”
