ঘাতক এরশাদ এখনো দালালিতে লিপ্ত: রিজভী
প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে লেখা এক খোলা চিঠিতে জিয়াউর রহমানকে নিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের বক্তব্যের সমালোচনা করে বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেছেন, এরশাদ একাত্তরের মতোই ‘দালালিতে’ লিপ্ত।
রোববার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, “একাত্তরে এরশাদ দালালি করেছেন দেশের বিরুদ্ধে ও পাকিস্তানি হানাদারদের পক্ষে। এখনো তিনি দালালিতেই লিপ্ত আছেন। তাই পদলেহী সরকারের সুরে সুর মিলিয়ে বলেন- তালপট্টির কোনো অস্তিত্ব নেই।”
শনিবার একটি দৈনিক পত্রিকায় ‘মাননীয় প্রধানমন্ত্রী সমীপে আমার কিছু কথা’ শিরোনামে ওই খোলা চিঠিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত এরশাদ বলেন, “জিয়া সাহেব ক্ষমতায় এসেছেন রক্তপাতের মধ্য দিয়ে। তার ক্ষমতায় আসার সোপান তৈরি হয়েছে ১৯৭৫ সালের ১৫ আগষ্ট সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে। তারপর ৩ নভেম্বর এবং ৭ নভেম্বরে রক্তে ভেজা পথ পেরিয়ে জেনারেল জিয়া ক্ষমতায় এসেছেন। আর আমাকে ক্ষমতা দেওয়া হয়েছে এবং দেশের স্বার্থে আমি তা গ্রহণ করেছি।”
ফাইল ছবি
এই বিএনপি নেতার ভাষায়, এরশাদ হলেন ‘মিথ্যাচারের প্রতিভূ’, যিনি ‘লুসিফারের মতো মিষ্টি কথায়’ অনেককে ভোলাতে চেয়েছেন। ক্ষমতায় থাকাকালে ‘সেনাবাহিনী এবং জনগণের মধ্যে বিভেদ’ উস্কে দিয়ে তিনি নিজের ক্ষমতা ‘কণ্টকমুক্ত’ করতে চেয়েছেন।
“নির্লজ্জ মিথ্যাবাদী এই দালাল বহু রক্তপাতকে পেছন থেকে উস্কে দিয়েছেন। সুচতুর এরশাদ সময়ের সদ্ব্যবহার করতে কখনো ভুল করেননি।’’
রিজভী বলেন, “রাষ্ট্রপতি জিয়ার শাহাদত বরণের পরপরই ক্ষমতা দখল না করে এরশাদ কয়েক মাস অপেক্ষা করেছেন, পরিবেশ পরিস্থিতি তৈরি করার জন্য। সঙ্গে সঙ্গে ক্ষমতা গ্রহণ করলে জিয়া হত্যায় এরশাদ জড়িত থাকার বিষয়ে জনমনে সন্দেহ সৃষ্টি হবে ভেবে এরশাদ তখনই ক্ষমতা দখল করেননি। পরে তিনি ষড়যন্ত্র শুরু করেন।”
বিএনপির এই যুগ্ম মহাসচিব অভিযোগ করেন, ঈদের পরে আন্দোলন জোরদার হওয়ার ভয়ে সরকার রোজার মাসেও বিএনপি নেতাদের গ্রেপ্তার-হয়রানি করছে। বিভিন্ন স্থানে কোনো কারণ ছাড়াই পুলিশ বাড়ি-বাড়ি হানা দিচ্ছে।
“আমাদের কাছে খবর এসেছে, বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের মেহেদি হাসান হিমুকে গ্রেপ্তার করা হয়েছে। এরকম বিভিন্ন স্থান থেকে আমার কাছে গ্রেপ্তারের খবর আসছে।”
অবিলম্বে এই ‘দমন-পীড়ন’ বন্ধ এবং গ্রেপ্তার নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি জানান রিজভী।
অন্যদের মধ্যে বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুর রহমান হাবিব, আসাদুল করীম শাহিন, হাবিবুল ইসলাম হাবিব, এ বি এম মোশাররফ হোসেন, মীর সরাফত আলী সপু সংবাদ ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন।
