মন্ত্রীদের মধ্যে ‘তারেকভীতি’: ফখরুল
সরকারের মন্ত্রীদের মধ্যে ‘তারেকভীতি’ দেখা দিয়েছে দাবি করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারা তারেক রহমানের বিরুদ্ধে কোনো অভিযোগই প্রমাণ করতে পারেনি।
রোববার জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
ফখরুল বলেন, “সরকারের অনেক মন্ত্রীর কথা-বার্তায় বোঝা যায়, তাদের মধ্যে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক ভীতি রয়েছে। এই সরকার তার (তারেক) বিরুদ্ধে কোনো অভিযোগই প্রমাণ করতে পারেনি। সেজন্য নানা অপপ্রচার চালাচ্ছে।”
গত প্রায় সাড়ে পাঁচ বছরের বেশি সময় ধরে যুক্তরাজ্যে অবস্থানরত তারেক হঠাৎ করেই গত ২৬ মার্চ লন্ডনে এক অনুষ্ঠানে দাবি করেন, জিয়া ছিলেন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি। এর দুই সপ্তাহের মাথায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘অবৈধ প্রধানমন্ত্রী’বলে মন্তব্য করেন তিনি।
বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘ব্যর্থ’ রাজনীতিক হিসেবে অভিহিত করে নিজের বাবা সাবেক সামরিক শাসক জিয়াউর রহমানকে সফল বলেও দাবি করেন তিনি।
তারেক রহমানের এসব বক্তব্যের পর আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের পাশাপাশি নানা মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। কেউ কেউ তারেকের ‘মস্তিষ্ক বিকৃতির’ শঙ্কার কথাও বলেছেন।
ফখরুল তার বক্তব্যে সরকারকে পদত্যাগ করার আহ্বান জানিয়ে হুঁশিয়ার করে বলেন, “সরকারকে বলব, এখনো সময় আছে, পদত্যাগ করে নির্দলীয় সরকারের কাছে ক্ষমতা ছেড়ে দিন। অন্যথায় যে পরিস্থিতির সৃষ্টি হবে, তার দায়ভার আপনাদেরই নিতে হবে।”
আলোচনা সভায় সরকারের বিরুদ্ধে গুম, হত্যা ও অপহরণের অভিযোগও তুলেন ফখরুল।
তিনি বলেন, “দেশে মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হচ্ছে। পত্রিকার খবর বেরিয়েছে, গত দুই মাসে কেবল একটি জেলায় বন্দুকযুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে ২৯ জন গুলিবিদ্ধ হয়েছে। লক্ষ্মীপুরে ৪৬ জন বিরোধীকর্মী নিহত হয়েছে। ৫ জানুয়ারি নির্বাচনের পর থেকে দুই মাসে সারাদেশে ৩১০ জনকে হত্যা করা হয়েছে। গুম করে ফেলা হয়েছে ৩২জনকে।”
“সারা দেশে এমন কোনো ঘর-বাড়ি নেই, সেখানে মানুষের আর্তনাদ শোনা যায় না।”
ফখরুল অভিযোগ করেন, ভিন্নমতের লোকজনই নয়, মানবাধিকার সংগঠনগুলো সরকারের হেনস্তা থেকে রেহাই পাচ্ছে না। ‘অধিকার’, ‘টিআইবি’ বা ‘সুজন’ যারাই সত্য বলছে তাদের নাজেহাল করা হচ্ছে।”
স্বাধীনতা ফোরামের উদ্যোগে নবম জাতীয় সংসদের বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুকের ওপর পুলিশি নির্যাতনের তৃতীয় বার্ষিকী উপলক্ষে এই নাগরিক সমাবেশ হয়।
২০০১ সালের ৬ জুলাই সংসদ ভবনের কাছে ফারুক আহত হয়েছিলেন।
সংগঠনের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহর সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বিএনপির প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুক, লিবারেল ডেমোক্রেটিক পার্টির যুগ্ম মহাসচিব সাহাদাত হোসেন সেলিম, বিএনপির যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, শিক্ষা বিষয়ক সস্পাদক খায়রুল কবীর খোকন প্রমুখ বক্তব্য দেন।
