২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি সব ধর্মের সহাবস্থানে বিশ্বাসী: ফখরুল

রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতেই ক্ষমতাসীনরা ধর্মের নামে বাংলাদেশে বিভক্তি সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2014, 12:44 AM

Updated : 22 Aug 2022, 06:39 PM

শনিবার এক আলোচনা সভায় তিনি বলেন, “বিএনপির ধর্মের নামে বিভক্তিতে বিশ্বাসী নয়। আমরা সব ধর্মের সহাবস্থানে বিশ্বাসী। যারা আমাদের সম্পর্কে ভুল ধারণা দেয়, তাদের বলতে চাই, গত পাঁচ বছরে সারাদেশে হিন্দুদের জমি দখলসহ মন্দিরে যেসব হামলার ঘটনা ঘটেছে, তার একটি ঘটনারও সুষ্ঠু তদন্ত হয়নি। বরং তারা (ক্ষমতাসীনরা) রাজনৈতিক স্বার্থে ওইসব ঘটনাকে প্রশ্রয় দিয়েছে, দিচ্ছে।”

রাজধানীর স্বামীবাগ আশ্রমে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) এর উদ্যোগে রথযাত্রা উৎসব উপলক্ষে এই আলোচনা সভা হয়। রথযাত্রা উপলক্ষে গত ২৯ জুন থেকে ৯ দিনব্যাপী অনুষ্ঠান করছে ইসকন।

আওয়ামী লীগ সরকারের প্রতি ইঙ্গিত করে ফখরুল বলেন, “দেশে কোনো গণতান্ত্রিক সরকার ক্ষমতায় নেই। ৫ জানুয়ারি ৯৫ ভাগ মানুষই ভোট দিতে যায়নি। পাঁচ বছর পর-পর জনগণের ভোট দেয়ার যে মৌলিক অধিকার রয়েছে, তা থেকে তাদের বঞ্চিত করা হয়েছে। ভোট ছাড়া ক্ষমতায় বসে থাকার এরকম নজির বিশ্বের কোথাও নেই।

“সরকার মুখে গণতন্ত্রের কথা বলে, কিন্তু তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। রাজনৈতিক উদ্দেশ্যে তারা মুখে গণতন্ত্রের কথা বলে জনগণকে বিভ্রান্ত করে।”

হিন্দু ধর্মাবলম্বীর প্রতি দলের অবস্থান তুলে ধরে বিএনপির মুখপাত্র বলেন, “আমাদের নেত্রী বলেছেন, দেশে সংখ্যালঘু বলে কিছু নেই। আমরা সবাই সমান। সব ধর্মের সমান অধিকারে আমরা বিশ্বাসী। এই নীতিকে বিএনপি সংরক্ষণ ও প্রতিপালন করতে চায়।”

বিএনপি ক্ষমতায় গেলে সব ধর্মের মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, “আমরা এমন একটি দেশ গড়ে তুলতে চাই, যেখানে কোনো ভেদাভেদ থাকবে না, বিভেদ-বিভক্তি থাকবে না। সব ধর্মের মানুষ জাতি গঠনে এক হয়ে কাজ করবে।”

ইসকনের সাবেক সভাপতি কৃষ্ণ কীর্তন দাস ব্রহ্মচারীর সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন স্বামীবাগ আশ্রমের অধ্যক্ষ চারু চন্দ্র দাস, সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, হিন্দু-বৌদ্ধ-খৃস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক গৌতম চক্রবর্তী, বিএনপির মহানগর সদস্য সচিব আবদুস সালাম, ধর্ম বিষয়ক সহ সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, কেন্দ্রীয় নেতা দেবাশীষ রায় মধু, ইসকন বাংলাদেশ এর যুগ্ম সাধারণ সম্পাদক জগৎগুরু গৌরাঙ্গ দাস, জাগ্রত ছাত্র সমাজের পরিচালক দ্বিজমণি গৌরাঙ্গ দাস প্রমুখ।