হাছান মাহমুদকে তারেকের উকিল নোটিস
সুইস ব্যাংকে হিসাব রয়েছে, তার প্রমাণ দেখাতে হাছান মাহমুদকে দুই সপ্তাহ সময় দিয়ে উকিল নোটিস পাঠিয়েছেন খালেদা জিয়ার ছেলে তারেক রহমান।
লন্ডনে অবস্থানরত তারেকের পক্ষে এই নোটিস পাঠিয়ে ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, “তিনি (হাছান) প্রমাণ করতে না পারলে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করতে তার প্রতি আহ্বান জানাচ্ছি। অন্যথায় আমরা তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেব।”
সুইস ব্যাংকে তারেক রহমান কিংবা তার ভাই আরাফাত রহমানের কোনো হিসাব নেই বলে এই আইনজীবী জানিয়েছেন।
আইনি নোটিসটি আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদের বাসা ও নাখালপাড়া এমপি হোস্টেলের ঠিকানায় কুরিয়ার সার্ভিস ও সরকারি রেজিস্ট্রি ডাকযোগে পাঠানো হয়েছে।
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গত মঙ্গলবার মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের এক আলোচনা সভায় সুইস ব্যাংকে বাংলাদেশিদের হিসাবের বিষয়ে বক্তব্য দিয়েছিলেন হাছান মাহমুদ।
পরদিন দৈনিক আমাদের সময়ে ছাপানো একটি প্রতিবেদনে হাছানকে উদ্ধৃত করে ছাপানো বক্তব্য নিয়ে এই নোটিস পাঠান বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক।
ওই প্রতিবেদনে হাছানকে উদ্ধৃত করে বলা হয়, “সুইস ব্যাংকে তারেক-কোকো এমনকি খালেদা জিয়ারও টাকা রয়েছে। এজন্য প্রধানমন্ত্রী টাকা ফেরত আনার ঘোষণা দেওয়ার পর বিএনপির নেতাদের মধ্যে অস্বস্তি লক্ষ্য করা যাচ্ছে।
“তারেক রহমান লন্ডনে কিভাবে চালক রেখে দামি গাড়ি চালান? সেখানে কেউ ব্যক্তিগত চালক রাখে না। কিন্তু তারেকের আছে। তার মেয়েকে স্কুলে নেওয়ার জন্য আলাদা চালক রয়েছে। এত বিলাসবহুল জীবন যাপন তিনি কিভাবে করেন? সরকারকে এটা তদন্ত করার জন্য আহ্বান জানাচ্ছি।”
কায়সার কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সুইস ব্যাংকে তারেক রহমান ও আরাফাত রহমানের অ্যাকাউন্ট রয়েছে বলে হাছান মাহমুদ বক্তব্য দিয়েছেন। আমরা এই বক্তব্য প্রমাণে তাকে দুই সপ্তাহ সময় দিচ্ছি।
“সুইস ব্যাংকে তারেক রহমান বা তার পরিবারের কারো কোনো অ্যাকাউন্ট নেই। তাই সেখানে টাকা জমা রাখারও প্রশ্ন উঠে না।”
সুইজারল্যান্ডের ব্যাংকে বাংলাদেশিদের অর্থের পরিমাণ বেড়েছে বলে গণমাধ্যমে খবর প্রকাশের পর তা নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য চলছে।
গত ২৭ জুন শেখ হাসিনা এক সমাবেশে বলেন, “সুইস ব্যাংকে কার কী টাকা আছে, তা দেশে ফিরিয়ে আনা হবে।”
এই অর্থ ‘পাচারে’ যারা জড়িত, তাদেরও বিচারের আওতায় এনে শাস্তি দেয়ার ঘোষণা দেন তিনি।
প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় গত ২৯ জুন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আন্তর্জাতিক তদন্তের মাধ্যমে এই অর্থপাচারকারীদের সনাক্ত করার দাবি জানান।
“সরকারকে এই তদন্ত করতে বলব না, কারণ সেখানে তাদের টাকাই জমা আছে।”
পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ
ফখরুলের বক্তব্যের প্রতিক্রিয়ায় আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত মঙ্গলবার এক আলোচনা সভায় বলেন, “সুইস ব্যাংকের টাকা নিয়ে বিএনপির এত ভয় কেন? একবার তো কোকোর (আরাফাত রহমান) টাকা আনা হয়েছিল। এখন তাদের ভয় কিসের?
“দীর্ঘদিন ধরে সুইস ব্যাংকে ৮০০ মিলিয়ন বাংলাদেশি টাকা পাচার করা হয়েছে। এ কথা ইউএনডিপি প্রকাশ করেছে। তারা তো বলেনি যে এই টাকা রাজনীতিবিদদের। এটা তো অসাধু ব্যবসায়ীদেরও হতে পারে। বাংলায় একটা কথা আছে, ‘ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই না’।”
ওই দিনই অন্য আলোচনা সভায় একই ইস্যুতে বক্তব্য দেন হাছান মাহমুদও। তিনি সেখানে জিয়া পরিবারের কয়েকজনের নাম উল্লেখ করে তাদের অ্যাকাউন্ট রয়েছে বলে জানান।
এর মধ্যে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) থেকে সুইজারল্যান্ডের এফআইইউর কাছে সুইস ব্যাংকগুলোতে গচ্ছিত বাংলাদেশিদের অর্থের বিস্তারিত তথ্য চেয়ে চিঠি পাঠানো হয়েছে বলেও গণমাধ্যমে খবর এসেছে।
সুইস ব্যাংকের টাকার হদিস চান ফখরুল
‘সুইস ব্যাংকের অর্থের খবরে বিএনপির ভয় কেন’
‘সুইস ব্যাংকের অর্থের তথ্য চাওয়া লোক দেখানো’
