খ ম ফারুকের মরদেহ আসছে মঙ্গলবার
সাবেক ছাত্রনেতা, ইউকসুর সাবেক ভিপি খন্দকার মোহাম্মদ ফারুকের মরদেহ মঙ্গলবার দেশে আসছে।
থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে বেলা ১২টায় তার মরদেহ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে বলে প্রয়াতের স্বজনরা জানিয়েছেন।
রোববার দুপুরে ব্যাংককে মারা যান স্বৈরাচারবিরোধী আন্দোলনের নেতা খন্দকার ফারুক। ছাত্র ইউনিয়নের সাবেক এই সভাপতির বয়স হয়েছিল ৬০ বছর।
বিমানবন্দর থেকে ফারুকের মরদেহ ধানমন্ডিতে নিজের বাসায় নেয়া হবে। বাসার পাশের মসজিদে প্রথম জানাজা হবে। এরপর মরদেহ রাখা হবে বারডেমের হিমঘরে।
বুধবার সকাল সাড়ে ৯টায় খন্দকার মোহাম্মদ ফারুকের মরদেহ তার প্রিয় ক্যাম্পাস প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাওয়া হবে বলে ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি রুহিন হোসেন প্রিন্স জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, সকাল ১০টায় বুয়েট ক্যাফেটেরিয়ার সামনে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।
বেলা ১১টায় তার মরদেহ নিয়ে যাওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য এক ঘণ্টা সেখানে তার মরদেহ রাখা হবে।
তারপর প্রয়াতের কফিন নেয়া হবে গ্রামের বাড়ি টাঙ্গাইলের বাসাইলে। সেখানেই চির নিদ্রায় শায়িত হবেন খন্দকার মোহাম্মদ ফারুক।
গত শতকের ’৮০ এর দশকের সামরিক স্বৈরাচারবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক খন্দকার ফারুক ১৯৭৯ থেকে ১৯৮৩ সাল পর্যন্ত তিন মেয়াদে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ইউকসু) নির্বাচিত সহসভাপতি ছিলেন।
