এতিমদের সঙ্গে খালেদার ইফতার
রমজানের প্রথম দিন এতিমদের সঙ্গে ইফতার করেছেন বিএনপি চেয়াররপারসন খালেদা জিয়া।
ইস্কাটন গার্ডেনের লেডিস ক্লাবে সোমবার এই ইফতার অনুষ্ঠানে ওলামা-মাশায়েখরাও ছিলেন।
ইফতারের আগে খালেদা জিয়া আমন্ত্রিত ওলামা-মাশায়েখ ও মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন।
মূলমঞ্চে তিনি এতিমদের পাশে নিয়ে ইফতার করেন। তেজগাঁও, শান্তিনগর ও ফকিরেরপুলের দুই শতাধিক এতিম শিক্ষার্থী এই ইফতারে অংশ নেন বলে বিএনপি নেতারা জানান।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছিলেন।
তার সঙ্গে এক টেবিলে বসে ইফতার করেন পটিয়া মাদ্রাসার মুহাদ্দিছ মাওলানা মুজাফফর আহমেদ, হাটহাজারী মাদ্রাসার শিক্ষক মাওলানা মনির আহমেদ, ছারছিনা দরবার শরিফের মাওলানা শাহ আরিফ বিল্লাহ, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ে চেয়ারম্যান মাওলানা সৈয়দ কামাল উদ্দিন জাফরী, মধুপুরের পীর সাহেব মাওলানা আবদুল হামিদ, সুবহানবাগ মসজিদের খতিব মাওলানা শাহ ওয়ালী উল্লাহ, লালবাগ মাদ্রাসার মাওলানা আবদুল হাসনাত আমেনি প্রমুখ।
সভাপতি হাফেজ আবদুল মালেক, সাধারণ সম্পাদক শাহ নেসারুল হকসহ জাতীয়তাবাদী উলামা দলের নেতারাও অনুষ্ঠানে ছিলেন।
বিএনপি নেতাদের মধ্যে ছিলেন আর এ গনি, মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, এম কে আনোয়ার, মির্জা আব্বাস, আ স ম হান্নান শাহ, সারোয়ারি রহমান, রফিকুল ইসলাম মিয়া, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, মাসুদ আহমেদ তালুকদার, আবদুস সালাম, শিরিন সুলতানা প্রমুখ।
