ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, কলেজে তালা
লক্ষ্মীপুরের রায়পুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করায় কলেজে তালা ঝুলিয়ে দিয়েছেন সংগঠনটির নেতাকর্মীরা।
শনিবার দুপুরে এ ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
শুক্রবার রাতে একটি মামলায় গ্রেপ্তার করা হয় রায়পুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগ আহ্বায়ক সাইফুল ইসলাম রাজিনকে (২২)।
অপ্রত্যাশিত পরিস্থিতি এড়াতে পুলিশ সতর্ক রয়েছে বলে তিনি জানান।
স্থানীয়রা জানান, রাজিনকে গ্রেপ্তারের প্রতিবাদে দুপুরে ছাত্রলীগ ক্যাম্পাসে খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিল বের করে। এরপর তারা প্রশাসনিক ভবন, অধ্যক্ষের কার্যালয় ও শ্রেণিকক্ষে তালা ঝুলিয়ে দেয়।
পরে কলেজ ক্যাম্পাসে সংক্ষিপ্ত সমাবেশ হয়। এতে বক্তব্য রাখেন কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ফিরোজ আলম, আবদুর রশিদ, আমজাদ হোসেন রুবেল, রিগান হোসেন প্রমুখ।
বক্তব্যে ছাত্র নেতারা বলেন, ষড়যন্ত্রমূলকভাবে কলেজ ছাত্রলীগের আহ্বায়কসহ ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও কলেজ ছাত্রলীগের আহ্বায়কে গ্রেপ্তার করা হয়।
এ ছাত্রলীগ নেতার মুক্তি ও দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান তারা। দাবি না মানলে তালা খোলা হবে না বলে জানান তারা।
