সরকারের সাফল্য নিয়ে কথা বলায় শিবিরের হামলা
সরকারের সাফল্য নিয়ে কথা বলায় ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা হামলা চালিয়ে চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের এক নেতার মাথা ফাটিয়ে দিয়েছেন।
আহত শিক্ষার্থী শাহদাত হোসেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
শনিবার বিকাল ৩টার দিকে কলেজের সেমিনার কক্ষে এ ঘটনা ঘটে বলে চকবাজার থানার ওসি আতিক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
তিনি বলেন, “শিবিরের লোকজনের হামলায় এক ছাত্রের মাথা ফেটে গেছে। তিনি থানায় সাধারণ ডায়েরি করেছেন।”
নগর ছাত্রলীগের সহ-সভাপতি আবু মোহাম্মদ আরিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সেমিনার কক্ষে বসে অন্য কয়েকজনের সঙ্গে কলেজ ছাত্রলীগের যুগ্ম সম্পাদক শাহদাত সরকারের বিভিন্ন সাফল্যের কথা আলোচনা করছিলেন।
“এসময় কলেজ ছাত্র শিবিরের সভাপতি রোকন উদ্দিন লাভলুর নেতৃত্বে শাহদাতের ওপর হামলা চালানো হয়। এতে শাহদাতের মাথা ফেটে যায়।”
এ বিষয়ে শিবির নেতা রোকন উদ্দিনের মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া গেছে।
