২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘দুই প্রধানমন্ত্রীর সাক্ষাতে দূর হবে উদ্বেগ’

ভারতে সরকার পরিবর্তনের পর দুই দেশের মধ্যে সম্পর্ক নিয়ে যে ‘উদ্বেগ’ তৈরি হয়েছে তা খুব শিগগিরই বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রীর সাক্ষাতের মধ্য দিয়ে দূর হয়ে যাবে বলে মন্তব্য করেছেন আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2014, 10:01 PM

Updated : 25 Apr 2022, 04:22 PM

গত মে মাসে ভারতে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার ক্ষমতা নেয়ার পর বিভিন্ন গণমাধ্যম ও টকশোতে ভারতের সঙ্গে বাংলাদেশ সরকারের বিগত পাঁচ বছরের মতো সুসম্পর্ক থাকবে কি না তা নিয়ে সংশয় প্রকাশ করা হয়েছে।

শুক্রবার কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট সেমিনার হলে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত ‘চলমান রাজনীতি নিয়ে আলোচনা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সুরঞ্জিত বলেন, “খুব শিগগিরই উভয় দেশের প্রধানমন্ত্রীর একটি সফরের আয়োজন করা হবে।  আমাদের মধ্যে সন্দেহ, সংশয়, সম্ভাবনা এবং নানা রকম উত্তেজনা ছিল। আমার ধারণা এ সফর তা প্রশমিত করবে।”

দুই প্রধানমন্ত্রীর এই সাক্ষাতে প্রতিবেশী দেশটির সঙ্গে সম্পর্ক আরো দৃঢ় ও নিবিড় হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।  

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির নতুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার শেখ হাসিনার হাতে মোদির বিশেষ আমন্ত্রণপত্র তুলে দেন ঢাকায় তিনদিন সফর করে যাওয়া ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।

যদিও ভারতের লোকসভা নির্বাচনের আগে ও পরে নবনির্বাচিত বিজেপি সরকারের বেশ কয়েকজন শীর্ষ নেতা বাংলাদেশ নিয়ে আক্রমণাত্মক ও আপত্তিকর মন্তব্য করেছেন। 

আওয়ামী লীগের জ্যেষ্ঠ সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, “ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ তিস্তার পানি বণ্টন চুক্তি, সীমান্ত চুক্তি ইত্যাদি বিষয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি দেখিয়েছেন।

“ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশকে ৬০ কোটি রুপি অনুদানের এবং ত্রিপুরার পালটানা বিদ্যুৎ কেন্দ্র থেকে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশকে দেয়ার ঘোষণায় দুই দেশের সম্পর্ক আরো নিবিড় হবে।”

বাংলাদেশের রাজনীতিতে ভারতের নতুন সরকারের এসব পদক্ষেপ ‘ইতিবাচক’ বলে মনে করেন সুরঞ্জিত।

তিনি বলেন, “সরকার আসবে, সরকার যাবে। ভারতের জনগণ ও বাংলার জনগণের মধ্যে সুসম্পর্ক থাকবে।”