সব ক্ষেত্রে সৌজন্য বোধ হারিয়ে যাচ্ছে: কাদের
রাজনীতিসহ সব ক্ষেত্রেই সৌজন্য বোধ হারিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “সৌজন্যবোধ হারিয়ে যাচ্ছে। সৌজন্য পোস্টার বিলবোর্ড, ব্যানার আছে।’’
রাজনীতিতে ‘সৌজন্যবোধ’ হারিয়ে গেলে তা আর অন্য কোথাও থাকবে বলে মনে করেন না আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য।
বেসরকারি মোবাইল ফোন অপারেটর রবি’র সহায়তায় ‘একুশ শতকের সাংবাদিকতায় প্রযুক্তি: পরিপ্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক সেমিনারের উদ্বোধন করেন চবি উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ।
সকল সমস্যার মূলে ‘রাজনীতি’ উল্লেখ করে এ রাজনীতিবিদ বলেন, রাজনীতিবিদরা সকলেই ভাল মানুষ হলে অন্যদের উপদেশ দেয়া যেত।
ফাইল ছবি
একসময়ের সাংবাদিক ওবায়দুল কাদের বিভক্তির দেয়াল উঁচু না করে নিজেদের মধ্যে সম্পর্কের দেয়াল উঁচু করার আহবান জানান।
যোগায়োগমন্ত্রী কাদের বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা শিক্ষকতা করবেন। আবার অনেকেই রাজনীতিও করেন। কিন্তু অনেক শিক্ষক স্বার্থ হাসিলের জন্য ছাত্রনেতাদেরে একাংশকে ব্যবহার করে থাকেন।
আর যাদের এই কাজে ব্যবহার করে তারা পরবর্তীতে শিক্ষকদের কোনদিন শ্রদ্ধা করবে না বলেও মন্তব্য করেন তিনি।
সেমিনারে যোগাযোগমন্ত্রী প্রযুক্তির উৎকর্ষতা এগিয়ে যাবার ক্ষেত্রে সহায়ক উল্লেখ করে বলেন, “প্রযুক্তি আমাদের আর্শীবাদ আবার অভিশাপও। সাইবার ক্যাফে যেমন আছে, তেমনি সাইবার ক্রাইমও।
“দিনরাত অনলাইনে বসে থাকলে হবে না। এটি যাতে এডিকশান না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে আমাদের।”
একসময় বাংলার বাণীর সাংবাদিক ওবায়দুল কাদের বলেন, ভালো সাংবাদিকদের খারাপ লোকেরা ভয় পায়। আর ভালো লোক ভালো সাংবাদিকদের ভয় পায় না।
কাদের বলেন, গুটিকয়েক ছাত্রনেতার জন্য একটা দলের ভাবমূর্তি নষ্ট হয়। এই গুটিকয়েক লোক রাজনীতি সাংবাদিকতা সবক্ষেত্রেই আছে।
চবি সাংবাদিক সমিতির সভাপতি হুমায়ুন মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চবি যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক শাহাব উদ্দিন নিপু।
অতিথি হিসেবে সেমিনারে বক্তব্য রাখেন চবি উপ-উপাচার্য অ্যধাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, চবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক বেনু কুমার দে, এটিএন নিউজের আউটপুট এডিটর প্রণব সাহা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক রাজীব মীর, দৈনিক মুক্তবাণীর প্রকাশক ববিতা বড়ুয়া।
