জি এম কাদেরের কথায় ক্ষুব্ধ জাপা মহাসচিব
সংসদে বিরোধী দলে থেকে আবার সরকারে যোগ দেয়ার সমালোচনা করে সভাপতিমণ্ডলীর সদস্য জি এম কাদেরের বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়ে অনুষ্ঠানমঞ্চ ছাড়লেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।
বুধবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয় পার্টির সহযোগী সংগঠন জাতীয় মৎস্যজীবী পার্টির এক প্রতিনিধি সম্মেলনে এই ঘটনা ঘটে।
অনুষ্ঠান মঞ্চে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদও ছিলেন। মধ্যখানে বসা এরশাদের ডান পাশে বসেছিলেন ভাই জি এম কাদের, বাম পাশে ছিলেন মহাসচিব বাবলু।
সকাল সাড়ে ১০টায় তারা সম্মেলনস্থলে পৌঁছার পর ১১টায় অনুষ্ঠান শুরু হয়। দশম জাতীয় সংসদ নির্বাচনের পর এই প্রথম দলের প্রকাশ্য কোনো অনুষ্ঠানে দেখা গেল এরশাদের ভাইকে।
মৎস্যজীবী পার্টির নেতাদের বক্তব্য শেষে ১২টার দিকে বক্তব্য দেয়ার জন্য কাদেরের নাম ঘোষণা করা হয়। তবে তিনি উঠছিলেন না। এক পর্যায়ে উপস্থিত কর্মীরা তার নাম ধরে স্লোগান দিতে থাকলে প্রায় ৫ মিনিট পর তিনি উঠে বক্তৃতা মঞ্চে আসেন।
বক্তব্যের শুরুতেই কাদের বলেন, “বাংলাদেশে অস্বস্তিকর পরিস্থিতি বিরাজ করছে। সরকারে যারা আছেন, তারা স্বস্তিতে আছেন বলে আমি মনে করি না। তারা কী পরিস্থিতিতে ক্ষমতায় এসেছেন, তারাও জানেন।যত কথাই বলুন, তারা আস্থায় বলীয়ান হয়ে কাজ করছেন বলে আমার মনে হয় না।”
বিএনপির নাম উল্লেখ না করে তিনি বলেন, “যারা সরকারের বিরোধিতা করছেন, তারা অস্বস্তিতে আছেন। জনগণও অস্বস্তিতে আছে। এই রকম পরিস্থিতি চলতে থাকলে দেশে যে কোনো সময় অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি হতে পারে।
ফাইল ছবি
এরপর তিনি নিজের দল জাতীয় পার্টির সমালোচনা করে বলেন, “জাতীয় পার্টি গেজেটেড বিরোধী দল। বিরোধী দল হলে সত্যিকার বিরোধী দল হতে হবে। একই সঙ্গে সরকার ও বিরোধী দলে থাকলে সত্যিকার বিরোধী দল হওয়া যায় না।”
উদাহরণ টেনে কাদের বলেন, “স্বামী-স্ত্রী মিলে একটি পরিবার। কেউ যদি বলেন আমি একাই স্বামী, একাই স্ত্রী সেটা বেমানান। একই খেলোয়াড় একদলের স্ট্রাইকার, অন্যদলের গোলকিপার হতে পারে না।”
জিএম কাদের এই কথা বলার সঙ্গে সঙ্গে নির্বাচনের পর মহাসচিবের দায়িত্বে আসা বাবলু আসনে বসে থেকেই বলে ওঠেন, “এটা কোনো বক্তব্য হল?”
জিয়াউদ্দিন আহমেদ বাবলু (ফাইল ছবি)
বাবলুর চলে যাওয়া দেখে জি এম কাদের বলেন, “সত্য কথা অনেক সময় রূঢ় হয়। এজন্যই আমি বক্তব্য দিতে চাইনি। একই সঙ্গে সরকার ও বিরোধী দলে থাকা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক।”
ভাইয়ের পর এরশাদ বক্তব্য দিতে উঠে বলেন, “এখানে আজ মৎস্যজীবীদের নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। কিন্তু স্বাভাবিকভাবে রাজনীতি চলে এসেছে। রাজনীতি নিয়ে মতবিরোধ স্পষ্ট হয়েছে।
“নির্বাচন ইস্যুতে যা হয়েছে তা আমরা মেনে নিয়েছি।বিরোধী দলের ভূমিকা পালন করছি। এই দুই দলকে (আওয়ামী লীড়-বিএনপি) জনগণ দেখতে চায় না। জনগণ জাতীয় পার্টিকে চায়। আগামীতে আমরাই সরকার গঠন করব।”
