‘সংলাপে বসার মতো হাহাকার নেই দেশে’
সরকারকে শিগগিরই সংলাপে বসতে বিএনপি'র আহ্বানের পাল্টা জবাব দিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, দেশে এমন কোনো হাহাকার নেই যাতে সংলাপে বসতে হবে।
শনিবার বেলা ১২টায় জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, ‘কী এমন হাহাকার যে হাজার হাজার মানুষ না খেয়ে মারা যাচ্ছে, বাচ্চারা স্কুলে যেতে পারছে না- তাহলে সংলাপে বসা যেত।’
সংগঠনটির সভাপতি জহিরউদ্দিন মবুর সভাপতিত্বে আলোচনা সভাটি শুরু হয় সকাল সাড়ে ১০টায়।
আলোচনা সভায় মায়া বলেন, “এক শ্রেণির মানুষ শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকারের দুর্গন্ধ ছড়াচ্ছে। কিন্তু সুগন্ধগুলো ছড়ায় না।”
৫ জানুয়ারির ভোট ঠেকাতে বিএনপি-জামায়াতের কর্মসূচিকে সমালোচনা করে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী বলেন, “গাছের পাতার বাতাসে মানুষ বেঁচে থাকে। আর তারা সে গাছ কেটে দেয়।”
এনামুল হক শামীমের উপর হামলার প্রসঙ্গে মায়া বলেন, “ঈদ পর্যন্ত অপেক্ষা না করে আগেই তারা আক্রমণ শুরু করে দিয়েছে। আরেকটু ধীরে এগোন। ২০১৯ সালের ৫ জানুয়ারি আরো বহুত দেরি।”
আলোচনা সভায় আরো বক্তব্য দেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল হেলাল মোর্শেদ খান এবং আব্দুল হক সবুজ প্রমুখ।
