২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ফের পিছিয়েছে

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে ‘জিয়া দাতব্য ট্রাস্ট’ ও ‘জিয়া এতিমখানা ট্রাস্ট’দুর্নীতি মামলায় দ্বিতীয়বারের মতো সাক্ষ্যগ্রহণ পিছিয়েছে।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোযেন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2014, 02:22 PM

Updated : 22 Aug 2022, 06:31 PM

আসামিপক্ষের সময়ের আবেদনে আগামী ৯ জুলাই এ মামলায় সাক্ষ্যগ্রহণের পরবর্তী দিন রাখেন ঢাকার ৩ নম্বর বিশেষ জজ বাসুদেব রায়।

বৃহস্পতিবার সকালে পুরান ঢাকার বকশিবাজার এলাকায় আলিয়া মাদ্রাসা মাঠে আদালত বসলে আসামিপক্ষের আইনজীবীরা সময়ের আবেদন করেন।

আসামিপক্ষের আইনজীবী সানাউল্লাহ মিয়া আদালতে বলেন, “মামলার বিচারক নিয়োগের বৈধতা নিয়ে রিট আবেদনে গত ২৫ মে হাই কোর্টের একটি বেঞ্চ দ্বিধাবিভক্ত রায় দিয়েছিল। এখন একক বেঞ্চে ওই আবেদনের আবার শুনানির কথা রয়েছে। সুতরাং বৃহস্পতিবারের সাক্ষ্যগ্রহণ মুলতবি চাই।”

দুর্নীতির এ দুই মামলায় অভিযোগ গঠনকারী নিম্ন আদালতের বিচারকের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রিট আবেদনের প্রেক্ষিতে গত ২৫ মে হাই কোর্টে বিভক্ত আদেশ হয়।

এদিন বেঞ্চের জ্যেষ্ঠ বিচারক বিচারপতি ফারাহ মাহবুব রুল এবং মামলার কার্যক্রমে স্থগিতাদেশ দিলেও কনিষ্ঠ বিচারক আবেদনটি খারিজের মত জানান।

এরপর নিয়ম অনুযায়ী আবেদনটি প্রধান বিচারপতির কাছে যাওয়ার পর তিনি তা শুনানির জন্য তৃতীয় বিচারকের কাছে পাঠান।

ঢাকার বিশেষ জজ-৩ বাসুদেব রায় ১৯ মার্চ বিএনপি চেয়ারপারসনের উপস্থিতিতে ‘জিয়া দাতব্য ট্রাস্ট’ ও ‘জিয়া এতিমখানা ট্রাস্ট’ দুর্নীতি মামলায় অভিযোগ গঠন করেন।

ওই অভিযোগ গঠনের বৈধতার চ্যালেঞ্জ করে হাই কোর্টে এসে নিস্ফল খালেদা এরপর গত ১২ মে বিচারক বাসুদেব রায়ের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে আসেন। 

এতিমখানা মামলায় অভিযোগ গঠন করা হয়েছে খালেদা, তারেকসহ ছয়জনের বিরুদ্ধে। আর দাতব্য ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার সঙ্গে আসামি হিসাবে রয়েছেন আরো তিনজন।

এতিমখানা ট্রাস্ট মামলার অন্য আসামিরা হলেন- বিএনপির সাবেক সাংসদ কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব কামাল উদ্দিন সিদ্দিকী এবং প্রয়াত জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান।

এদের মধ্যে সালিমুল হক কামাল ও শরফুদ্দিন আছেন জামিনে। তারেক উচ্চ আদালতের জামিনে গত পাঁচ বছরের বেশি সময় ধরে বিদেশে অবস্থান করছেন। বর্তমানে তিনিসহ বাকি দুজন পলাতক।

দাতব্য ট্রাস্ট মামলার অন্য আসামিরা হলেন- খালেদার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হারিছের তখনকার সহকারী একান্ত সচিব ও বিআইডব্লিউটিএর নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান।

এদের মধ্যে হারিছ চৌধুরী মামলার শুরু থেকেই পলাতক। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে। খালেদাসহ বাকি দুই আসামি জামিনে রয়েছেন।

২০১১ সালের ৮ অগাস্ট জিয়া দাতব্য ট্রাস্ট দুর্নীতি মামলা দায়ের করেন দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক হারুনুর রশিদ। ২০১২ সালের ১৬ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল হয়।

তেজগাঁও থানার এ মামলায় ক্ষমতার অপব্যবহার করে জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে আসামিদের বিরুদ্ধে।

জিয়া এতিমখানা ট্রাস্টে অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশন ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় মামলা করে। ২০১০ সালের ৫ অগাস্ট এই মামলার অভিযোগপত্র দেয়া হয়।

এতিমদের সহায়তার জন্য একটি বিদেশি ব্যাংক থেকে আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয় এ মামলায়।