২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভয়ার্ত পরিবেশে আছি: ফখরুল

সরকারের বিরুদ্ধে ‘ত্রাস’ সৃষ্টির অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2014, 05:50 PM

Updated : 22 Aug 2022, 06:31 PM

মঙ্গলবার সকালে রাজধানীতে এক আলোচনা সভায় তিনি বলেন, “আমরা এক শ্বাসরুদ্ধকর ভয়ার্ত পরিবেশের মধ্যে বসবাস করছি। সম্প্রতি মিরপুরের কালশীতে তালাবন্ধ করে ঘরে ৯ জনকে আগুনে পুঁড়িয়ে হত্যা, ফেনীতে  এক উপজেলা চেয়ারম্যানকে পুঁড়িয়ে হত্যা  ও নারায়ণগঞ্জের সাতখুনের ঘটনা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে।”

মির্জা ফখরুল বলেন, “প্রতিদিন মানুষজন হত্যা করা হচ্ছে। দুইদিন আগে দেশনেত্রীর কাছে লক্ষ্মীপুরের স্বজনহারা ৪৬ পরিবারের সদস্যরা এসেছিলেন।

“তারা এই সরকারের রোষানলে পড়ে সব কিছু হারিয়েছেন। ওই বেদনার কথা শুনে বুঝা যায়, আমরা কোন দেশে আছি, যেখানে মানুষের জীবনেরই নিরাপত্তা নেই।”

দেশের বিভিন্ন স্থানে হত্যাকাণ্ডের জন্য সরকারকে দায়ী করে তিনি বলেন, “এভাবে অবৈধ সরকার গুম-অপহরণ-খুনের মধ্য দিয়ে সারা দেশে ত্রাসের রাজত্ব কায়েম করে ক্ষমতায় টিকে থাকার কৌশল নিয়েছে।”

Image
ফাইল ছবি

ফাইল ছবি

সরকারবিরোধী দুর্বার আন্দোলন গড়ে তুলতে সবাইকে প্রস্তুতি নেয়ারও আহ্বান জানান বিএনপির মুখপাত্র।

জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে সংগঠনের সাবেক সভাপতি মাহবুবুল আলম তারার স্মরণে এই আলোচনা সভা হয়। গত ২ জুন সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাহবুবুল আলম। তার বয়স হয়েছিল ৭৪ বছর।

মাহবুবুল আলম তারাকে একজন ব্যতিক্রমধর্মী রাজনীতিক অভিহিত করে তার জীবনাদর্শ অনুসরণের জন্য সবার প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, “দেশে এখন নষ্ট রাজনীতি চলছে। এই সময়ে তারা ভাইদের প্রয়োজন ছিলো। উনারা না থাকায় দেশে মানুষ আজ অন্ধকারে পথ চলছে।”

সংগঠনের সাধারণ সম্পাদক বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদুর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে মহানগর সদস্য সচিব আবদুস সালাম, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, উলামা দলের সভাপতি হাফেজ আবদুল মালেক, কৃষক দলের সহসভাপতি নাজিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক তকদির হোসেন মো. জসিম, মরহুমের নিকট আত্বীয় অধ্যাপক আমজাদ হোসেন, আইনুন নাহার রেখা প্রমুখ বক্তব্য রাখেন।