চট্টগ্রামে মহিউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে মামলা
বিরোধপূর্ণ জমিতে অবৈধ অনুপ্রবেশ এবং ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর চালিয়ে জবরদখলের অভিযোগে চট্টগ্রাম নগর আওয়ামী লীগ সভাপতি, সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীসহ ১৩ জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।
সোমবার বিকালে চট্টগ্রাম মহানগর হাকিম আহমদ সাঈদের আদালতে করা এই মামলায় আসামিদের মধ্যে ছাত্রলীগের কয়েকজন সাবেক নেতাও রয়েছেন।
মামলার বাদি নগরীর ও আর নিজাম সড়কের বিরোধপূর্ণ জমিতে থাকা ব্যবসা প্রতিষ্ঠান বিজনেট ডিপার্টমেন্টাল স্টোরের মালিক নজরুল ইসলাম কালু।
আদালত অভিযোগ আমলে নিয়ে চকবাজার থানার ওসিকে অভিযোগটি মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন।
ফাইল ছবি
বাদীর আইনজীবী মো. ইউনুস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুলডোজার নিয়ে ওই জমিতে প্রবেশ করে অবৈধভাবে দোকান ভাংচুর করার অভিযোগ ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৩০-৩৫ জনকে আসামি করে মামলাটি করা হয়।
চট্টগ্রাম আদালত পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) রেজাউল মাসুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আসামিদের নেতৃত্বে গত ৬ জুন ওই জমিতে অনুপ্রবেশ করে ভয়-ভীতি প্রদর্শন, চাঁদা দাবি এবং ভাংচুরের অভিযোগে মামলাটি করা হয়।
গত ৬ জুন বিকালে ও আর নিজাম সড়কে বিরোধপূর্ণ ওই জমিতে মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বে উচ্ছেদ অভিযান চালানো হয় বলে দাবি করে জমিটির মালিকানার দাবিদার চট্টগ্রাম সিটি করপোরেশন পরিচালিত বেসরকারি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়।
তবে জমির আরেক মালিক দাবিদার আবাসন প্রতিষ্ঠান আলিশা প্রপার্টিজের ভাড়াটিয়া নজরুল ইসলামের দাবি, কোনো ধরনের পূর্ব নোটিস না দিয়ে ওই জমিতে থাকা ৪২টি দোকান ভাংচুর করে আসামিরা।
এর আগে গত ২২ মে সংবাদ সম্মেলন করে চুক্তিপত্র মূলে জমির মালিক দাবিদার জহর চক্রবর্তী। উপস্থিত ছিলেন ওয়ারিশান সূত্রে জমির মালিক আবু বক্কর, ইব্রাহিম খলিল, মো. ইলিয়াস, গোলতাজ বেগম ও গোলসান বেগম।
ওই সংবাদ সম্মেলনে মালিকানার দাবিদাররা অভিযোগ করেন, বর্তমান সিটি মেয়র মোহাম্মদ মনজুর আলম ও সাবেক সিটি মেয়র মহিউদ্দিন চৌধুরী পুরো জমি দখলের পাঁয়তারা করছেন।
এর আগে গত ২২ এপ্রিল আরেক সংবাদ সম্মেলনে আলিশা প্রপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক কায়সার চৌধুরী ওই জমির একাংশের মালিকানা দাবি করেন।
বিরোধপূর্ণ ওই জমিতে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের সাইনবোর্ড লাগানো হয় গত ৩০ মার্চ। এর আগে গত ১৯ মার্চ সেখানে মেয়র মনজুর আলমের বিয়েবার্ষিকীর মেজবান আয়োজন করা হয়।
এরপর সর্বশেষ ২৭ মে ওই জমিতেই সংবাদ সম্মেলন করে জমিটির মালিকানা ক্রয় সূত্রে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের বলে দাবি করেন বর্তমান ও সাব্কে মেয়র।
২০০১ সালে নগরীতে সিটি করপোরেশনের পরিচালানাধীন বেসরকারি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন তৎকালীন সিটি মেয়র মহিউদ্দিন।
সেসময় নগরীর প্রবর্তক মোড়ে নালার ওপর বিশ্ববিদ্যালয়টির প্রথম ভবন নির্মাণ করে ব্যাপক সমালোচনায় পড়েন মহিউদ্দিন।
প্রতিষ্ঠাতা হিসেবে এখনো প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য মহিউদ্দিন। বর্তমান মেয়র হিসেবে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মনজুর আলম।
