২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লুটপাট ঢাকার বাজেট: আমীর খসরু

প্রস্তাবিত বাজেট নিয়ে বিএনপি কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না দিলেও দলটির নেতা সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী একে অন্ত:সারশূন্য বলে অভিহিত করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2014, 09:27 PM

Updated : 22 Aug 2022, 06:25 PM

রাজধানীর একটি হোটেলে বৃহস্পতিবার এক দল সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা বলেন, “গত পাঁচ বছরে লুটপাটের মাধ্যমে দেশের অর্থনীতিতে যে ‘ব্ল্যাক হোল’ সৃষ্টি হয়েছে, তা পূরণের লক্ষ্যে প্রস্তাবিত বাজেটের সিংহভাগ ব্যয়-বরাদ্দ রাখা হয়েছে। এই বাজেটে জনগণের জন্য কিছু নেই।”

সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, “দেখুন, অনির্বাচিত সরকার বাজেট উপস্থাপন করেছে। এই সংসদ ও মন্ত্রিসভা অবৈধ। কোনো অবৈধ ও অনির্বাচিত সরকার বাজেট উপস্থাপন করতে পারে না।

“দেখবেন, বাজেটের আকার বিশাল। এই বিশাল অংকের বাজেটের সিংহভাগ ব্যয়-বরাদ্দ রাখা হয়েছে অনুন্নয়ন খাতে।”

রাষ্ট্রায়ত্ত্ ব্যাংকে দুর্নীতি হয়েছে মন্তব্য করে আমীর খসরু বলেন, “ওই সংকট নিরসনে প্রস্তাবিত বাজেটে ২৬/২৭ হাজার কোটি টাকা রাখা হয়েছে।

“সরকারের দুর্নীতি, লুটপাট ও অব্যবস্থাপনার কারণে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে যেসব চুরি হয়েছে, তা কাভার করতে তারা (সরকার) জনগণের অর্থ সেখানে বরাদ্দ দেয়া হয়েছে। অর্থাৎ কিনা এভাবে তারা লুটপাট অব্যাহত রাখবে।”

তিনি আরো বলেন, “কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্ট ও পুঁজিবাজার থেকে জনগণের কোটি কোটি টাকা লুটপাট হয়েছে। দলীয় লোকজনকে স্বল্পমেয়াদী বিদ্যুৎ প্রকল্প দিয়ে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করা হয়েছে।

“ফলে দেশের মানুষকে ৪/৫ গুণ বেশি হারে এখন বিদ্যুৎ বিল গুনতে হচ্ছে। এভাবে সরকার লুটপাট ও দুর্নীতি করে দেশের অর্থনীতিতে ব্ল্যাক হোল তৈরি করেছে।”

Image
ফাইল ছবি

ফাইল ছবি

পদ্মা সেতু প্রকল্পে প্রস্তাবিত বাজেটে নিজস্ব অর্থায়নের কথা উল্লেখ করে আমীর খসরু বলেন, “কেবল সরকারের দুর্নীতির কারণে পদ্মা সেতু হয়নি। বিশ্ব ব্যাংক এই সেতু নির্মাণের যে ব্যয় প্রাক্কলন করেছিল, প্রস্তাবিত বাজেটে এই প্রকল্পের ব্যয়ভার এক হাজার কোটি টাকা বাড়িয়ে দেয়া হয়েছে। এটি জনগণের অর্থ থেকে বরাদ্দ  দেয়া হয়েছে। তাহলে জনগণের জন্য কী থাকবে, তা অনুমেয়।”

এর আগে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির প্রতিক্রিয়া না জানানোর কথা উল্লেখ করে বলেন, “যেহেতু এই সরকার একটি অবৈধ সরকার। জনগণের ভোটে তারা নির্বাচিত হয়নি। সংসদও অবৈধ। এই অবৈধ সরকারের বাজেট প্রদানের কোনো নৈতিক অধিকার নেই। সেজন্য এই বাজেট সম্পর্কে আমাদের কোনো প্রতিক্রিয়া নেই।”

গত বছর বিএনপির পক্ষ থেকে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারের নেতৃত্বে একটি প্যানেল বাজেটের ওপর প্রতিক্রিয়া জানিয়েছিলেন।

পুরনো খবর:

‘অবৈধ সরকারের বাজেট উপস্থাপন অনৈতিক’