তারেকের বিরুদ্ধে ‘কুৎসা’ রটানোর অভিযোগ বিএনপির
দলের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সরকারে মন্ত্রীদের ‘কুৎসা রটনার’ নিন্দা জানিয়েছে বিএনপি।
সোমবার সকালে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক সংবাদ ব্রিফিঙে বলেন, ‘‘তারেক রহমান ইতিহাসের সঠিক তথ্য উপস্থাপন করেছে বলে ক্ষমতাসীনদের গায়ে জ্বালা ধরে গেছে। রাষ্ট্রক্ষমতাকে দলীয় পরিণত করে প্রধানমন্ত্রীর মনের অভিপ্রায়কে ইতিহাস বলে চালিয়ে দেয়া হচ্ছে।
‘‘তাই অবৈধ সরকারের অবৈধ মন্ত্রীরা তারেকের বিরুদ্ধে ক্রোধে উন্মত্ত হয়ে পড়েছে। এখন তারা খিস্তি খেউর করার শুরু করেছে। আমরা এহেন শিষ্টাচারবর্হিভুত বক্তব্যের নিন্দা জানাচ্ছি।’’
আইনমন্ত্রী আনিসুল হকের দেয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, ‘‘ আইনমন্ত্রী বলেছেন, তারেক রহমানের জন্ম নাকি বিদেশে। আর সে জন্যই তিনি (তারেক) বিদেশে থেকে কথা বলেন। আইনমন্ত্রী আওয়ামী লীগের কোন পর্যায়ের নেতা ছিলেন, তা জানা নেই।
ফাইল ছবি
১/১১ মঈনুদ্দিন-ফখরুদ্দিন সরকারের ‘ঘনিষ্ঠজন’ হিসেবে অ্যাডভোকেট আনিসুল হক দুর্নীতি দমন কমিশনের আইনজীবী হিসেবে কাজ করার কথা তুলে ধরেন রিজভী।
সম্প্রতি লন্ডনে নিজের বাবা জিয়াউর রহমানকে বাংলাদেশের প্রথম ‘বৈধ রাষ্ট্রপতি’ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘অবৈধ রাষ্ট্রপতি’ দাবি করে বক্তব্য দেন তারেক রহমান।
তার ওই বক্তব্যের প্রেক্ষিতে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, খাদ্য মন্ত্রী কামরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মাহবুব-উল আলম হানিফসহ সরকারের নানা পর্যায় থেকে সমালোচনার ঝড় ওঠে।
নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেন, ‘‘ দেশ বিদেশি চক্রান্তের অংশ হিসাবে শহীদ জিয়া ও তার পরিবারের বিরুদ্ধে অনর্গল মিথ্যা ও কুৎসা রটনা করা হচ্ছে। অবৈধ সরকার তাদের সব অপকর্ম ঢাকার জন্য জিয়াউর রহমানের বিরুদ্ধে নানা আষাঢ়ের গল্প প্রচার করছে।’
‘‘উদ্দেশ্য ধুম্রজাল সৃষ্টি করে ক্ষমতাকে আঁকড়ে রাখা। আমরা দৃঢতার সঙ্গে বলতে চাই,মিথ্যাচার করে কোনো কাজ হবে না। দেশের মানুষ তাদের স্বরূপ বুঝে গেছে।’’
সংবাদ ব্রিফিংয়ে দলের কেন্দ্রীয় নেতা খায়রুল কবীর খোকন, আবদুল লতিফ, আসাদুল করীম শাহিন, আবদুস সালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
