কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছে আওয়ামীলীগ: সুরঞ্জিত
দেশে বিদ্যমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষা ও দলীয় অর্ন্ত:কলহ নিরসনে আওয়ামীলীগ কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছে বলে আভাস দিয়েছেন দলের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।
সোমবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত এক আলোচনা সভায় আওয়ামীলীগের এই জৈষ্ঠ্য নেতা বলেন,“জনগণের সঙ্গে গণতান্ত্রিক সরকারের সম্পর্ক থাকে রাজনৈতিক দলের মাধ্যমে। আওয়ামীলীগকে সুসংগঠিত করা সময়ের দাবি।
“আজ (সোমবার) আওয়ামীলীগের গুরুত্বপূর্ণ সভা আছে। মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগের সভানেত্রী দলের উপদেষ্টা পরিষদ, সংসদীয় দল ও কার্যনির্বাহী সংসদকে ডেকেছেন। আমার মনে হয় আওয়ামীলীগ একটি কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছে।”
সরকার যুদ্ধাপরাধীদের বিচারে বদ্ধপরিকর উল্লেখ করে সুরঞ্জিত বলেন,“বাংলার মাটিতে যুদ্ধাপরাধী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে জামায়াতের বিচার হবেই। এ নিয়ে দ্বিধা দ্বন্দের সুযোগ নেই। কোন প্রকার সন্দেহ সংশয়েরও অবকাশ নেই।”
নিজ বক্তব্যে আইনমন্ত্রীর বক্তব্যের সমালোচনাও করেছেন তিনি।
গত ২৯ মে একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে আইনমন্ত্রী বলেছিলেন, মানবতাবিরোধী অপরাধে যুক্ত দল হিসেবে জামায়াতের বিচার আপাতত সম্ভব নয়।
পরে অবশ্য তিনি তার বক্তব্যের ব্যাখ্যা দিয়ে বলেন, তার বক্তব্যে ভুল বোঝাবুঝি হয়েছে। আইন সংশোধনের পর বিচার শুরু হবে।
ফাইল ছবি
তবে আইনের ওইসব ব্যাখ্যা মিডিয়াতে না এলেই ভাল হত। এ জাতীয় বৈচিত্র্যময় ব্যাখ্যার বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত আসবে আদালত থেকে। অবশ্য বিচারের স্বার্থে কোন সংশোধনীর প্রয়োজন হলে আইনমন্ত্রণালয় তা করতে পারে।”
বিএনপি ও আঠারো দলীয় জোটকে উদ্দেশ্য করে সুরঞ্জিত বলেন,“ এই মূহুর্তে মধ্যবর্তী নির্বাচনের দাবি অসাংবিধানিক, অগণতান্ত্রিক ও অবান্তর। আমি আশা করব, রাজনৈতিক প্রজ্ঞা দিয়ে আপনার বিষয়টি অনুধাবন করবেন।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোজাফফর হোসেন পল্টু, সাম্যবাদী দলের নেতা হারুন চৌধুরী, বঙ্গবন্ধু একাডেমির সাধারন সম্পাদক হুমায়ুন কবির মিজি প্রমুখ।
