২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজিবি সদস্য নিহতে বিএনপির উদ্বেগ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মিয়ানমারের সীমান্তরক্ষীদের গুলিতে বিজিবির এক সদস্য নিহত হওয়ায় উদ্বেগ জানিয়েছে বিএনপি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2014, 10:38 PM

Updated : 22 Aug 2022, 06:23 PM

শনিবার এক বিবৃতিতে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “এই ঘটনা দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের শামিল। সারাজাতি উদ্বিগ্ন ও উৎকণ্ঠিত হয়ে পড়েছে। এ ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”

Image
ফাইল ছবি

ফাইল ছবি

সরকারের কূটনৈতিক ‘ব্যর্থতার’ কারণে বাংলদেশের সার্বভৌমত্ব এখন হুমকির মুখে রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

“অবৈধ সরকার দেশের স্বাধীনতা সুরক্ষার বিষয়ে উদাসীন বলেই সীমান্তগুলো অরক্ষিত থাকছে, কোনো তীক্ষ্ণ নজরদারি নেই। শক্ত প্রতিরক্ষা ব্যুহ গড়ে তোলার উদ্যোগও নেই।”

নিহত নায়েক মিজানুর রহমানের শোকাহত পরিবারের প্রতি সমবেদনাও জানান মির্জা ফখরুল।

গত বুধবার বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মিয়ানমারের সীমান্ত রক্ষী বাহিনী পিজিবির সঙ্গে গোলাগুলিতে নিহত হন নায়েক মিজান। শনিবার তার লাশ ফেরত আসে।